২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলীতে ‘মাদক কারবারি’ গুলিবিদ্ধ

ঢাকার কদমতলী এলাকায় পুলিশের অভিযানে ‘পিচ্চি ফালান’ নামে পরিচিত এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 12:37 PM

Updated : 19 Aug 2022, 04:31 PM

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলছেন, সোমবার রাত আড়াইটার দিকে কদমতলীর ওয়াসা রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২৮ বছর বয়সী ‘পিচ্চি ফালান’ পুলিশের তালিকভুক্ত আসামি। তার বিরুদ্ধে গোটা দশেক মামলাও রয়েছে।

“পলাতক সন্ত্রাসী ও মাদক চোরাকারবারি বিল্লালের সহযোগী হিসেবে ফালান কদমতলী এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল।”

‘গোপন সূত্রে’ খবর পেয়ে পুলিশ তাকে ধরতে অভিযানে যায় জানিয়ে ওসি বলেন, “আমারা খবর পেয়েছিলাম, ওয়াসা রেলগেইট এলাকায় সে কয়েকজনের সঙ্গে দেখা করবে। সে অনুযায়ী সেখানে উপস্থিত হয়ে আমরা তাকে সারেন্ডার করতে বলি। কিন্তু সে পুলিশের লক্ষ্য করে বোমা ছোড়ে।”

এতে কামাল হোসেন নামে পুলিশের একজন এএসআই এবং রুহুল আমিন নামে একজন কনস্টেবল আহত হলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে বলে ওসির ভাষ্য।

তিনি বলেন, আটকের পর ফালানের কাছে ২২০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

আহত দুই পুলিশ সদস্য পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি।