সংসদ বসছে বিকালে
চলমান দশম সংসদের পঞ্চদশ অধিবেশন বসছে মঙ্গলবার বিকেল ৫টায়।
অধিবেশর শুরুর আগে বিকাল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই বৈঠকে অংশ নেবেন।
এর আগে গত ১১ মার্চ সংসদের চতুর্দশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
আগামী ১ জুন সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সে হিসাবে পঞ্চদশ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।
এদিকে অধিবেশন শুরু হতে যাওয়ায় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা মে রাত ১২টার পর থেকে সংসদ ভবন ও তার আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্র ও ক্ষতিকর বস্তু বহন এবং সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
যে যে স্থানে নিষেধাজ্ঞা
>> ময়মনসিংহ সড়কের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত।
>> বাংলামোটর লিংক রোডের পশ্চিম দিক থেকে হোটেল সোনারগাঁও সড়কের সার্ক ফোয়ারা পর্যন্ত।
>> পান্থপথের পূর্ব দিক থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।
>> মিরপুর সড়কের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল।
>> রোকেয়া সরণীর সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং।
>> ইন্দিরা রোডের পূর্ব দিক থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম দিকসহ জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ।
