রোজার আগে দৌলতদিয়ায় ভাঙন ঠেকানোর সুপারিশ
আসন্ন রোজার আগে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনার সময় এ সুপারিশ আসে।
প্রতি বছর রোজার ঈদের সময় দক্ষিণাঞ্চলগামী মানুষের চাপ থাকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে, এ কারণে যানজটও দেখা যায় প্রতি বছর।
এ বছর বর্ষা মৌসুমে ঈদ হওয়ার কারণে কমিটির বৈঠকে এনিয়ে আলোচনা ওঠে।
বৈঠক শেষে কমিটির সদস্য মীর মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ফেরিঘাটের ভাঙন রোধে যাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। কারণ ওই সময়টায় (রোজার সময়) যাত্রীর চাপ বেশি আসে।”
সংসদীয় কমিটির সভাপতি কাজী কেরামত আলীও বিষয়টিতে জোর দিয়েছেন বলে জানান সদস্য মোস্তাক।
দৌলতদিয়া ঘাটের কাজে নিয়োজিত ঠিকাদারের কাজের মান তদারকি, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরির সংখ্যা বাড়ানো এবং সেগুলো পরিচ্ছন্ন রাখতে মন্ত্রণালয়ে ব্যবস্থা নিতেও বলেছে সংসদীয় কমিটি।
বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট সকল সংস্থার চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ করা এবং কাজগুলো সঠিকভাবে তদারক করার সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক গঠিত জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ-সদস্যসহ জনপ্রতিনিধিদের সুপারিশ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
