মতিঝিলে বাসের ধাক্কায় পত্রিকার হকার নিহত
রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় সংবাদপত্রের এক হকারের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে রামকৃষ্ণ মিশন রোডের ইত্তেফাক মোড়ে এ ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.বাচ্চু মিয়া জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, “সকালে আয়নাল হক (৪২) বাই সাইকেলে যাচ্ছিলেন।ইত্তেফাক মোড়ে যাত্রাবাড়ি থেকে মিরপুরগামী একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।
“পরে স্থানীয়রা সকাল সাড়ে ৯টার দিকে গুরুতর আহত আয়নালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”
মতিঝিল থানার পরিদর্শক গোলাম রব্বানি বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই বাস ও তার গাড়ি চালককে আটক করেছে।
তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
