২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর গণ্ডি পেরিয়ে আল্পনা উৎসব

ঢাকার মানিক মিয়া এভিনিউতেই শুধু নয়, ‘বাংলালিংক আল্পনায় বাংলাদেশ’ উৎসবটি এবার ছড়িয়ে পড়ছে দেশের পাঁচটি বিভাগীয় শহরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2017, 05:35 PM

Updated : 11 Oct 2022, 01:45 PM

সোমবার এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন, এবার ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের পাশাপাশি চট্টগ্রামের ডিসি হিল, রাজশাহীর পদ্মা নদীর পাড়, খুলনার শিববাড়ি সার্কেল, বরিশাল বঙ্গবন্ধু পার্ক রোড, ময়মনসিংহের টাউন হল সার্কেলে হবে ‘বাংলালিংক আল্পনায় বাংলাদেশ’ উৎসবটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আল্পনা উৎসবের আয়োজক এশিয়াটিক ইএক্সপি, টাইটেল স্পন্সর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড, সহযোগী স্পন্সর বার্জার পেইন্টস লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা।

আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বাংলালিংকের হেড অব করপোরেট কমিউনিকেশনস আসিফ আহমেদ, হেড অব মার্কেটিং কমিউনিকেশনস এ কে রাহাত আহমেদ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) এ  কে এম সাদেক নাওয়াজ।

তাদের সঙ্গে ছিলেন আয়োজনের প্রধান পরিকল্পনাকারী চিত্রশিল্পী মনিরুজ্জামান ও সহ-আয়োজক এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন সারা যাকের।

বাংলালিংকের হেড অব কর্পোরেট কমিউনিকেশনস আসিফ আহমেদ জানান, ১৩ এপ্রিল রাত ১১টা থেকে শুরু হবে এই আয়োজন। যৌথভাবে এই আয়োজনের উদ্বোধন করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) এ  কে এম সাদেক নাওয়াজ জানান, মানিক মিয়া এভিনিউয়ের প্রায় চার লাখ বর্গফুট এলাকায় আল্পনা আঁকতে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুই শতাধিক চিত্রশিল্পী। 

আল্পনা আঁকার পাশাপাশি এ আয়োজনে থাকছে বাঙালিয়ানা ফুড কোর্ট, ফটো বুথ, ফেইস পেইন্টিংসহ নানা আয়োজন। ব্যান্ডদল চিরকুট আসবে গান শোনাতে।

হেড অব মার্কেটিং কমিউনিকেশনস এ কে রাহাত আহমেদ জানান, যারা এবারের আয়োজনে সরাসরি যোগ দিতে পারবেন না, তারা বাংলালিংকের ফেইসবুক পেইজে ‘ডিজিটাল বাংলালিংক’ এ লাইভ উপভোগ করতে পারবেন।

সারা যাকের বলেন, “মুসলিমপ্রধান দেশে এই অসাম্প্রদায়িক উৎসবটি এত ব্যাপকতা পেয়েছে, এই তো আমাদের বড় অর্জন। যেকোনো উৎসব, পার্বণে আল্পনা আঁকা তো রীতিমতো উৎসবে পরিণত হয়েছে। বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এ উৎসব। একে শুধু পাঁচটি শহরে নয়, ছড়িয়ে দিতে চাই দেশের প্রতিটি জেলায়।”

চিত্রশিল্পী মনিরুজ্জামান বলেন, “সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এবং চিত্রকলার শৈল্পিক এই আয়োজনের অংশ হতে পেরে আমি গর্বিত বোধ করছি। আল্পনা আমাদের সংস্কৃতিতে গভীরভাবে মিশে আছে। আমি স্বপ্ন দেখি, একবার ঢাকা শহরের প্রতিটি রাস্তায় আমরা আল্পনা আঁকব, যা ঠাঁই নেবে রেকর্ডবুকে।”

আল্পনা উৎসবে মানিক মিয়া এভিনিউয়ের মতো অন্যান্য স্থানগুলোতেও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। দিনভর চলা এই উৎসবে প্রাধান্য দেওয়া হবে দেশীয় সংস্কৃতিকে।