২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র বানাবে বাংলাদেশ-ভারত

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 09:16 PM

Updated : 11 Oct 2022, 01:44 PM

শনিবার নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ওই বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে মোদী বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ২০২০ সালে চলচ্চিত্রটি মুক্তি পাবে।

এর আগে যৌথ উদ্যোগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণে রাজি হয় দুই দেশ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে ২০২১ সালে সেটি মুক্তি পাওয়ার কথা।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবকে ‘ভারতের প্রিয় বন্ধু ও উঁচু মানের নেতা’ বলে অভিহিত করেন নরেন্দ্র মোদী।

তিনি বলেন, “বাংলাদেশের জনকের প্রতি শ্রদ্ধার স্মারক হিসেবে আমাদের বাণিজ্যিক শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম তার নামে করেছি।”

শেখ হাসিনার সঙ্গে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করে নিজেকে ‘সম্মানিত’ বোধ করছেন বলে জানান তিনি।

বঙ্গবন্ধুকে নিয়ে নরেন্দ্র মোদী বলেন, “বাংলাদেশ সৃষ্টিতে তার জীবন, সংগ্রাম ও ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।”

এ সময় শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, “আপনি সফলতার সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্ন ও উত্তরাধিকারকে এগিয়ে নিয়েছেন। আজকে আপনার নেতৃত্বে বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি ও উন্নয়নের পথে ধাবিত হচ্ছে।”