‘সংস্কৃতির অর্থবহ চর্চার আহ্বান জানাচ্ছে বৈশাখ’
বাংলা বর্ষবরণের উৎসবের মধ্য দিয়ে বাঙালি ঐক্যের সূত্র খুঁজে নিয়ে তার সংস্কৃতি-সম্পদ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন প্রাবন্ধিক মফিদুল হক।
শুক্রবার বিকালে ছায়ানটের পহেলা বৈশাখ উদযাপনের ৫০ বছর পূর্তির তৃতীয় আয়োজনে একথা বলেন তিনি।
ছায়ানট সংস্কৃতি-ভবনে বিকাল সাড়ে ৫টায় শুরু হয় অনুষ্ঠান। ছায়ানটের ক্ষুদে শিল্পীদের দলীয় পরিবেশনা ‘আপন কাজে অচল হলে’ গানে শুরু হয় আয়োজন।
তারপর ‘সংস্কৃতি: সঙ্কট ও সম্ভাবনা’ শিরোনামে শুরু হয় সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক মফিদুল হক।
প্রবন্ধে সংস্কৃতির সংকট ও উত্তরণ প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বায়ন কেবল বাজারের ঐক্য তৈরি করছে না, সাংস্কৃতিক বৈচিত্র্য মুছে দিয়ে তৈরি করতে চাইছে একক সংস্কৃতির আধিপত্য।
“মানবিক জীবনের সঙ্কটের অতল গহ্বর থেকে জেগে উঠছে সহিংসতা, ধর্মীয় জঙ্গিবাদ; তছনছ করে দিতে চাইছে সমাজের সংস্কৃতি-ভিত্তি। এ অবস্থায় আমরা দেখতে চাই উত্তরণের পথরেখা।”
দেশের জাতীয় বিকাশ অধিকার হলেও সর্বস্তরে শিক্ষার ঘাটতি প্রকট আকার ধারণ করেছে মন্তব্য করে তার অভিযোগ, “শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে ধর্মান্ধতা। তাই সাংস্কৃতিক প্রতিরোধের পাশাপাশি এগিয়ে যেতে হবে নির্মাণের পথে।
“শুধুমাত্র সরকারনির্ভর না হয়ে দেশের শিল্পীসমাজ শিক্ষার সঙ্গে সংস্কৃতির যোগসাধনে নানা ধরনের উদ্যোগ নিতে পারে।”
এদেশের সংস্কৃতির সম্ভাবনার ঐতিহ্যবাহী ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “ছায়ানট আয়োজিত বর্ষ-আবাহনী আয়োজন ক্রমে ক্রমে হয়ে ওঠে সর্ববিপ্লবী। একটি অনুষ্ঠান কীভাবে এতটা প্রভাবশালী হয়েছিল, সেটা তলিয়ে দেখা দরকার। নাগরিক সংস্কৃতির সঙ্গে বাংলার চিরায়ত সংস্কৃতির বিছিন্নতা মোচন করে নতুন মেলবন্ধনের উদগাতা হল বৈশাখ।”
তিনি বলেন, “পঞ্চাশ ও ষাটের দশকজুড়ে বিভিন্ন সাহিত্যিক-সাংস্কৃতিক সৃষ্টিশীল উদ্যোগের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তার স্বরূপ সন্ধান ও তার উদ্ভাসনের যে কাজ চলছিল, ছোট-বড় নানাভাবে পহেলা বৈশাখ যেন হয়ে উঠলো সব সাধনার গতিমুখ।”
ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে আলোচক হিসেবে ছিলেন আতিউর রহমান ও ফখরুল আলম।
আলোচনা পর্ব শেষে যশোর, খুলনা, বগুড়া ও পাবনা থেকে আসা চারটি দল সম্মেলক গান পরিবেশন করেন। এরপরই প্রকাশিত হয় ১৪২৪ বঙ্গাব্দের বিশেষ বর্ষপঞ্জি। তারপর শুরু হয় সংগীতানুষ্ঠান।
রজন্তীকান্ত সেনের গান ‘জাগাও পথিকে ওযে ঘুমে অচেতন’ গেয়ে শোনান কাঞ্চন মোস্তফা। একক গান পরিবেশন করেন সুদীপ সরকার, মাকছুরা আখতার। রবীন্দ্রসংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ পরিবেশন করেন পার্থ প্রতীম রায়।
একক আবৃত্তি পরিবেশন করেন মাহ্মুদা আখতার। তারপর আবার একক গানের পালা। এ পর্বে গান শোনান এ টি এম জাহাঙ্গীর, সুমা রায়, মমি মঞ্জুরী চৌধুরী, সুস্মিতা দেবনাথ শুচি, শ্রাবন্তী ধর, জান্নাতুল ফেরদৌস সামান্থা, এরফান হোসেন।
‘তোমার বাণীরে করিনি গ্রহণ’ গানটি শোনান তানভীর আহমেদ। কাজী নজরুল ইসলামের গান শোনান অভিজিৎ কুণ্ডু। তারপর ছিল জয়ন্ত রায়ের একক পাঠ। ক্ষুদে শিল্পীদের দলের সম্মেলক গান ‘বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল’- পরিবেশনায় শেষ হয় আয়োজন।
