সুন্দরবনের পাশে কারখানা স্থাপন বন্ধ চেয়ে হাই কোর্টে রিট
সুন্দরবনের পাশে ১০ কিলোমিটারের মধ্যে কোনো শিল্প কারখানা থাকলে তা অন্যত্র সরিয়ে নেওয়া এবং সেখানে কল-কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হলে তা বাতিলের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট দায়ের করা হয়েছে।
আগামী সপ্তাহে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো.সেলিমের বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“রিট আবেদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়টিও আনা হয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবনের সংরক্ষিত এলাকার ১৪ কিলোমিটার বাইরে হলেও একে কেন্দ্র করে ১৫০টির মতো যেসব শিল্প কারাখানার অনুমোদন বা ছাড়পত্র দেওয়া হয়েছে, সেগুলো সুন্দরবনের চারদিকের ঘোষিত সঙ্কটাপন্ন এলাকার মধ্যে বা কাছাকাছি।
“এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে এবং এর আশপাশে যেসব শিল্প কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে,তা সুন্দরবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।”
‘সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের’ সভাপতি শেখ ফরিদুল ইসলাম মঙ্গলবার এই রিট আবেদনটি করেন।
পরিবেশ সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সুন্দরবনের আশপাশের সব জেলার জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনারকে রিটে বিবাদী করা হয়েছে বলে জানান আইনজীবী জাকির হোসেন।
আবেদনে বলা হয়েছে, পরিবেশ ও বন মন্ত্রণালয় ১৯৯৯ সালের ৩০ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুন্দরবন রিজার্ভ ফরেস্ট ও এর চারদিকে ১০ কিলোমিটার এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে।
“এ প্রজ্ঞাপন অনুসারে সুন্দরবনের চারদিকে ১০ কিলোমিটার এলাকায় ভূমি, পানি, বায়ু ও শব্দ দূষণকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না।
“কিন্তু গণমাধ্যমে খবর এসেছে, সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকা পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হলেও পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে কমবেশি ১৫০টি শিল্পপ্রতিষ্ঠানকে প্রকল্প করার জন্য অবস্থানগত ছাড়পত্র দিয়েছে, যার মধ্যে জাহাজ ভাঙ্গা শিল্পসহ পরিবেশ দূষণকারী নানা প্রকল্প রয়েছে।”
