বৃহস্পতিবার সোহরাওয়ার্দী ঘিরে ২৫ স্থানে যান চলাচলে নিয়ন্ত্রণ
ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন ও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কারণে বৃহস্পতিবার রাজধানীর দুটি রাস্তা বন্ধ রাখার পাশাপাশি ২৫টি স্থানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশ।
বুধবার মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, নগরবাসীর ‘সুবিধার্থে’ তারা এই ব্যাবস্থা নিয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখদের ওই সম্মেলনে সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিবসহ দুই লাখের বেশি মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা।
আর ওলামা-মাশায়েখদের আনতে ব্যবহার করা হবে প্রায় আড়াই হাজার যানবাহন।
পুলিশ কমিশনার বলেন, “এই বিপুল জনতা ও যানবাহনের উপস্থিতি সত্ত্বেও নগরবাসীর নিত্য যাতায়াত তুলনামূলক স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল করার লক্ষ্যে” বেলা ১২টা থেকে ২৫টি পয়েন্টে যানবাহন ‘ডাইভার্সন’ করা হবে।
এছাড়া শাহবাগ থেকে মৎস্যভবন ক্রসিং পর্যন্ত এবং শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর ক্রসিং পর্যন্ত উভয়মুখী যাতায়াত সকাল সাড়ে ১০টা থেকে বন্ধ থাকবে।
সম্মেলনে আগতদের গাড়িগুলো নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা করা হবে বলেও জানান আছাদুজ্জামান মিয়া।
কমিশনার বলেন, “রাজধানীর বিভিন্ন সড়ক বন্ধ ও ডাইভারশন দেওয়ায় যানজটের সৃষ্টি হতে পারে। এ কারণে প্রয়োজন ছাড়া উদ্যানের আশপাশের সড়কে চলাচল এবং যানবাহন নিয়ে বের না হতে নগরবাসীকে অনুরোধ জানাচ্ছি।”
মূল সম্মেলন বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে জানিয়ে তিনি বলেন, সম্মেলন শেষে সন্ধ্যার পর যানবাহন চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে।
যেসব সড়কে নিয়ন্ত্রণ
বিজয় সরণি ক্রসিং, খামারবাড়ি, বাংলামোটর, মগবাজার, পরিবাগ, সাকুরার গলি, পুলিশ ভবন ক্রসিং, সবজি বাগান ক্রসিং, মিন্টো রোডের পূর্বপাশ, অফিসার্স ক্লাব, কাকরাইল চার্চ, শিল্পকলার গলি, দুদকের গলি, কার্পেট গলি, মৎস্য ভবন, কদম ফোয়ারা, হাই কোর্ট, শহীদুল্লাহ হল, বকশি বাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, রোমানা চত্বর, কাঁটাবন ক্রসিং, শাহবাগ ও আজিজ সুপার মার্কেটের সামনে ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সম্মেলন উপলক্ষে ঢাকার বাইরে থেকে প্রায় আড়াই হাজার যানবাহন ঢাকায় আসবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, বিভিন্ন জেলার যানবাহন রাখার আলাদা আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে।
>> রাজশাহী এলাকা থেকে গাবতলী দিয়ে আসা গাড়ি থাকবে শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠ ও আশেপাশের এলাকায়
>> যশোর থেকে আসা যানবাহনগুলো আগারগাঁও তালতলা এবং পিএসসির সামনের রাস্তায় রাখতে হবে।
>> গাজীপুর, নরসিংদী ও টাঙ্গাইল থেকে আব্দুল্লাহপুর দিয়ে আসা যানবাহনগুলো হাতিরঝিল দক্ষিণ পূর্ব পাশে রাখতে হবে।
>> জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোণার গাড়ি আফতাবনগরের পূর্ব দিকের রাস্তায় থাকবে।
>> সায়েদাবাদ ও দক্ষিণ কেরানীগঞ্জ দিয়ে যেসব জেলার গাড়ি সম্মেলনে আসবে সেসব যানবাহন এজিবি কলোনি থেকে আল হেলাল সড়ক পর্যন্ত রাখা যাবে।
>> এছাড়া মহানগর নাট্যমঞ্চ এলাকা, রাজউক-দৈনিক বাংলা পর্যন্ত সড়ক, কমলাপুর, পীর জঙ্গি মাজার, খিলগাঁও-খিদমাহ হাসপাতাল এলাকা, বানিয়ানগর-দয়াগঞ্জ, জুরাইন রেলগেইট পর্যন্ত, ফাতেমা নাজ ফিলিং স্টেশন ও শনির আখড়া, দনিয়া কলেজ, সাইন বোর্ড এবং সায়েদাবাদ ব্রিজ পর্যন্ত এলাকায় রাস্তার পাশে যানবাহন রাখতে বলেছে ডিএমপি।
সম্মেলনের নিরাপত্তা
ডিএমপি কমিশনার জানান, ওলামা-মাশায়েখ মহাসম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ জন্য অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর এবং বাইরে সিসিটিভি ক্যামেরার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে তিনটি অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে।
উদ্যানের আশপাশের এলাকায় সোয়াট ও বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরাও থাকবেন।
সম্মেলনে প্রবেশ করা যাবে ছবিহাট, টিএসসি, বাংলা একাডেমি, তিন নেতার মাজার ও কালি মন্দিরের গেইট দিয়ে। এই পাঁচটি গেইটে আর্চওয়ে থাকবে। এছাড়া পুলিশ সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করবেন।
