মুজিবনগরের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত
মেহেরপুর মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসাইনকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাই কোর্ট।
তাদের করা দুই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
আমিরুল ও জার্জিসকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও দিয়েছে আদালত।
স্থানীয় সরকার সচিব, উপসচিব (উপজেলা শাখা), খুলনার বিভাগীয় কমিশনার, মেহেরপুরের জেলা প্রশাসক ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী।
নিতাই রায় পরে সাংবাদিকদের বলেন, “এ আদেশের ফলে তাদের দায়িত্ব পালনে আপাতত আইনগত কোনো বাধা নেই।”
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান আমিরুল বলেন, “উচ্চ আদালতে আমি ন্যায়বিচার পেয়েছি। আমি জনগণের সাথে কাজ করতে চাই।”
চার বছর আগের একটি মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়ায় গত ২ এপ্রিল এই দুই জনপ্রতিনিধিকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আমিরুল ইসলাম মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও জার্জিস হোসাইন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি।
২০১৩ সালে মুজিবনগর থানার তৎকালীন ওসি রবিউল ইসলামকে মারধরের মামলার অভিযোপত্রে তাদের দুজনের নাম রয়েছে।
