‘অনন্য ছবি’র মোড়ক উন্মোচন
প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেনের সম্পাদনায় প্রকাশিত বই ‘অনন্য ছবি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩৬তম আইপিইউ সম্মেলনে দেশি-বিদেশি অতিথিদের সামনে বইটির মোড়ক উন্মোচন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অটিস্টিক শিশু শিল্পীদের ২৬০টি চিত্রকর্ম স্থান পেয়েছে এই বইতে।
অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন বলেন, “বইটি এসব শিল্পীদের স্বপ্ন। এই বইয়ের মাধ্যমে তারা পুরো বিশ্বকে দেখছে। এসব ছবি থেকে তাদের চিন্তার জগতকে চেনা যাবে। বছরের পর বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব শিল্পীদের আঁকা চিত্রকর্ম সম্বলিত যেসব গিফট কার্ড পেয়েছেন, সেখান থেকে বইয়ের অনেক ছবি সংগ্রহ করা হয়েছে।”
বই বিক্রি টাকা সূচনা ফাউন্ডেশনকে দেওয়ার কথা ঘোষণা দেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অটিজম বিষয়ক এই আঞ্চলিক চেয়ারম্যান বলেন, “বিশেষভাবে সক্ষম সমাজের এ সকল ব্যক্তিদের জন্য আমাদের অনেক কিছুই করার রয়েছে। তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ মানবতার প্রতি দায়িত্ব পালন।”
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “অটিস্টিক মানুষের প্রতি বিশেষ মনযোগ দিতে হবে। এদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। এ বিষয়ে সবচেয়ে বেশি কথা বলার সুযোগ রয়েছে সাংসদদের।”
তিনি বলেন, “আর্ট পুস্তকের রঙিন রংয়ের মত রাঙিয়ে আমরা সারা পৃথিবীর সাথে একইভাবে রঙিন বিশ্ব বিনির্মাণে কাজ করে যাব। সমাজের শাররিক ও মানসিকভাবে অক্ষম জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা ও তাদের অধিকার সম্পর্কে সাধারণ জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সংসদ সদস্যগণ ভূমিকা পালন করতে পারেন।”
তিনি এ বিষয়ে সারা বিশ্বের সংসদ সদস্যদেরকে ভূমিকা পালনের আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগকে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী ও আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুনগং। এসময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদ সদস্য এবং আইপিইউ সম্মেলনে আগত বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
