তেলের ড্রামে কোকেন: আপিলেও জামিন হয়নি নূর মোহাম্মদের
চট্টগ্রাম বন্দরে তেলের ড্রামে তরল কোকেন আটকের মামলায় আপিল বিভাগে গিয়েও জামিন পাননি ওই তেল আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদ।
জামিন নাকচ করে হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করেছিলেন চট্টগ্রামের ওই ব্যবসায়ী।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ রোববার তা খারিজ করে দেয়।
আদালতে নূর মোহাম্মদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।
বলিভিয়া থেকে মেসার্স খান জাহান আলী লিমিটেডের নামে আমদানি করা সূর্যমুখী তেলবাহী কনটেইনার ২০১৫ সালের ১২ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরে কন্টেইনার খুলে ১০৭টি ড্রাম পরীক্ষা করে তরল কোকেনের অস্তিত্ব ধরা পড়ে।
এ ঘটনায় ওইবছর ২৮ জুন চট্টগ্রাম নগরীর বন্দর থানায় নূর মোহাম্মদ ও তার কর্মচারী গোলাম মোস্তফা সোহেলকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। পরে আদালত মামলাটিতে চোরাচালানের ধারা যুক্ত করার নির্দেশ দেয়।
ফাইল ছবি
খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি জানিয়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয় অভিযোগপত্রে।
কিন্তু এজাহারভুক্ত প্রধান আসামির নাম অভিযোগপত্রে না থাকায় চট্টগ্রামের মহানগর হাকিম রহমত আলী তা গ্রহণ না করে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কমকর্তাকে দিয়ে অধিকতর তদন্তের দায়িত্ব দেন র্যাবকে।
এ অবস্থায় গতবছর ১৫ জানুয়ারি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে র্যাব। নিম্ন আদালতে জামিন না পেয়ে নূর মোহাম্মদ আবেদন নিয়ে হাই কোর্টে যান।
হাই কোর্ট গত বছরের ৪ সেপ্টেম্বর তার জামিন আবেদন নাকচ করে দিলে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করেন নূর মোহাম্মদ। রোববার তার সেই আবেদনও খারিজ করে দিল আপিল বিভাগ।
