২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃস্থদের নিয়ে বাবার জন্মদিন পালন করলেন সাঈদ খোকন

দুঃস্থ ও অসহায়দের সঙ্গে নিয়ে ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ৭৩তম জন্মদিন উদযাপন করেছেন ছেলে সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2017, 09:37 PM

Updated : 11 Oct 2022, 01:42 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ‍শনিবার দুপুরে নিজ বাসভবনে কেক কেটে বাবার জন্মবার্ষিকী উদযাপন করেন বলে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় মেয়রের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরে প্রয়াত বাবার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সাঈদ খোকন। গরিব অসহায় লোকজনের মধ্যে খাবার বিতরণ করেন তিনি। এ সময় সাঈদ খোকনের মা ফাতেমা হানিফ, বোন শাহানা হানিফ ও রেহানা হানিফ এবং স্ত্রী ফারহানা সাঈদ উপস্থিত ছিলেন।

১৯৪৪ সালের ১ এপ্রিল পুরান ঢাকার জন্ম নেওয়া মেয়র মোহাম্মদ হানিফ ছিলেন ঢাকার প্রথম নির্বাচিত মেয়র। তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব।

ঢাকা মহানগর আওয়ামী লীগেরও সভাপতি ছিলেন। দায়িত্ব পালন করেছেন সংসদের হুইপ হিসেবেও।

এদিকে জন্মদিন উপলক্ষে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, মেয়র হানিফ স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।