২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া প্রশ্ন ছড়িয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেপ্তার ২

বিভিন্ন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ইন্টারনেটের সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2017, 04:43 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

এরা হলেন- শহিদুল ইসলাম (১৮) ও গোলাম সরোয়ার সাজিদ (১৮)।

শুক্রবার বিকালে গোয়েন্দা পুলিশের একটি দল মগবাজারের নয়াটোলা মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করে বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন।

এ সময় তাদের কাছ থেকে মোবাইল হ্যান্ডসেট ও সিম কার্ড জব্দ করা হয়।

মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা বিভিন্ন নামে ভুয়া আইডি খুলে ফেইসবুক মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে অবৈধভাবে অর্থ সংগ্রহ করে আসছিল। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে।

“আসামি গোলাম সরোয়ার সাজিদ মেসেঞ্জারে ‘হ্যালো ব্রাদার্স’ গ্রুপের অ্যাডমিন হিসাবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ১০০% প্রশ্ন কমন পড়বে বলে স্ট্যাটাস দিত।”