২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফেইসবুক থেকে প্রশ্ন নিয়ে পরীক্ষা দিলে ফল বাতিল’

ফেইসবুক থেকে প্রশ্ন সংগ্রহ করে কোনো শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার প্রমাণ পেলে ওই শিক্ষার্থীর ফল বাতিল করবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 02:12 PM

Updated : 11 Apr 2022, 11:17 PM

আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে বুধবার সচিবালয়ে জাতীয় মনিটরিং কমিটির সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এ কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের উদ্দেশে সচিব বলেন, “ফেইসবুক অ্যাডমিন বা যারা এর সাথে লিঙ্কড আছেন যদি তিনি ছাত্র হন তার ইনফরমেশনও আমাদের দরকার। কারণ আমরা আগামীতে যদি এমন কোনো প্রমাণ পাই যে কোনো ছাত্র এভাবে পরীক্ষা দিয়েছে তাহলে আমরা তার রেজাল্ট বাতিল করতে চাই।

“কারণ এটা একটি বিশাল বিষয়। জাতি গঠনে আগামী প্রজন্ম যদি এভাবে নষ্টের দিকে এগিয়ে যায়, আর আমরা যদি তা প্রতিরোধ করতে না পারি তাহলে এই দায়দায়িত্ব আমরা কোনোমতেই এড়াতে পারব না।”

গত কয়েক বছর ধরে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে পাবলিক পরীক্ষার প্রশ্ন ছড়িয়ে পড়ার পর ওই প্রশ্নেই বেশ কয়েকটি পরীক্ষা নিয়েছে সরকার।

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগের রাতে ফাঁস হওয়া প্রশ্নেই এবারের এসএসসির ঢাকা বোর্ডের গণিতের পরীক্ষা নেওয়া হয়েছে, যা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে দেশের সংবাদ মাধ্যমগুলোতে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বলেন, “শুধু যারা (প্রশ্ন পেতে) প্রলুদ্ধ করছেন তারা ছাড়াও যারা প্রলুদ্ধ হচ্ছেন তাদের বিরুদ্ধে যেতে হবে। কারণ অন্যায় যিনি করেন এবং অন্যায়কে যিনি সহায়তা করেন উভয়েরই সমান শাস্তি।

“আমরা যদি সেই পর্যায়ে না যাই তাহলে আমাদের ছাত্র-অভিভাবকদের মধ্যে লোভ থেকে যাবে। আমরা সেটাও প্রতিরোধ করতে চাই, যাতে আগামী দিনে ফেইসবুকে যারা এ রকম অ্যাড দিয়ে যোগাযোগ করে প্রশ্ন নেওয়ার উদ্যোগে… সে বিষয়ে আমরা ব্যবস্থা নিতে পারি।”

সচিবের বক্তব্যের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “সঠিকভাবে সুনির্দিষ্টভাবে (প্রশ্ন ফাঁসকারীদের) চিহ্নিত করব। যদি ছাত্র, শিক্ষক বা স্কুলও হয় তাহলে আমরা ব্যবস্থা নেব। অভিভাবক হলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেব, যার বিরুদ্ধেই তথ্য থাকবে আমরা ব্যবস্থা নেব।”

“আমাদের যত বড়ই অপারেশন করতে হোক, হাত অর্ধেক কাটতে রাজি আছি, কিন্তু এই ক্যান্সার আমরা বহন করতে পারছি না, জাতি বহন করতে পারছে না।”

মন্ত্রী বলেন, “আমরা সব কথা খুলেও বলতে পারছি না, হজমও করতে পারছি না- আমরা এ রকম একটা পরিস্থিতির মধ্যে আছি, তবে আমরা মোটেই বসে নেই। … মিথ্যা প্রচার করলে সেও দায়ী হবে।”

সাংবাদিকদের উপস্থিতিতে সভার শুরুতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রশ্ন ফাঁস ঠেকাতে গোয়েন্দা সংস্থার একটি ‘ডেডিকেটেড ইউনিট’ কাজ করছে।

গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম সভায় জানান, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকায় গত দুই মাসে ২৬ জনকে গ্রেপ্তার  করা হয়েছে। তাদের মধ্যে দুইজন অধ্যক্ষ, তিনজন শিক্ষক, একজন কোচিং স্টোরের শিক্ষক এবং ২০ জন ছাত্র। ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবারের বিভিন্ন অ্যাকাউন্টের অ্যাডমিনও রয়েছেন তাদের মধ্যে।

ফেইসবুকে একটি গ্রুপ থেকে এবারে এইচএসসির প্রশ্ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে জানিয়ে নাজমুল বলেন, “ওই গ্রুপে দুইজন অ্যাডমিনের নেতৃত্বে ১৬ হাজার সদস্য আছে। এই চক্রকে আগামী দুই-তিন দিনের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হব, তাদের চিহ্নিত করেছি।”

প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ সংক্রান্ত আইনে শাস্তির পরিমাণ বাড়ানোর সুপারিশ করেন এই পুলিশ কর্মকর্তা।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসরোধে বিজি প্রেসে নজর দিলেও গত তিন বছরে সেখান থেকে প্রশ্ন ফাঁস হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

“প্রশ্ন বিতরণেও নিরাপত্তা নিশ্চিত করেছি। শিক্ষকদের কাছে প্রশ্ন যাওয়ার পর তারা প্রচারে সম্পৃক্ত হয়ে যান। অভিভাবকরা নিজেরাও প্রশ্ন পাওয়ার সঙ্গে যুক্ত হয়ে যান। এরপরে তো আমাদের আর যাওয়ার জায়গা থাকে না।

“সমাজের সার্বিক অবক্ষয় ও মূল্যবোধহীনতা যদি শিক্ষকদের একটি অংশকে গ্রাস করে, তাহলে আমরা কীভাবে রক্ষা করব? তাদের হাতে আমাদের প্রশ্ন দিতেই হবে। কারণ তিনি তার সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠাবেন।”

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “তোমরা দয়া করে ভালো করে লেখাপড়া করে ভালো ফল কর। প্রশ্ন পাওয়ার ধান্দায় ছুটলে তোমার মূল শিক্ষটা নষ্ট হয়ে যাবে। আর গার্ডিয়ানদের বলি, আপনার সন্তানকে শুধু সার্টিফিকেট দিলে হবে না, তাকে প্রকৃত মানুষ বানাতে হবে। গার্ডিয়ান যদি টাকা দিয়ে কিনে নিয়ে এসে তার হাতে প্রশ্ন তুলে দেন, তাহলে সর্বনাশ।

“সবার কাছে অনুরোধ জানাচ্ছি, যার যার ক্ষেত্রে সতর্ক হয়ে সঠিক ন্যায্য কাজ করেন। আর ওই ধরনের শিক্ষক যারা, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দয়া করে মান-ইজ্জত থাকতে থাকতে এখনই নিজেরা স্বেচ্ছায় সরে যান, আপনাদের জন্য শিক্ষকতা না।”

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

ফাঁস হওয়া প্রশ্নেই হল এসএসসির গণিত পরীক্ষা