২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে না: মমতা

কট্টর একটি ইসলামী দল কলকাতার বেকার হোস্টেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সরানোর দাবি তোলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে তা নাকচ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভারত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2017, 08:08 PM

Updated : 11 Oct 2022, 01:39 PM

পুরনো খবর:

বেকার হোস্টেল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরানোর দাবি কট্টর ইসলামী দলের

বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বঙ্গবন্ধু দুই বাংলাতেই শ্রদ্ধেয় ব্যক্তি এবং প্রেরণার উৎস। পশ্চিমবঙ্গে তার স্মৃতি শ্রদ্ধার সঙ্গেই সংরক্ষণ করা হবে।

“বঙ্গবন্ধুর ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে না। যথাযোগ্য সম্মানের সঙ্গেই তার স্মৃতি সংরক্ষণ করা হবে।”

কলকাতার ওয়েলেসলি স্কয়ারের ইসলামিয়া কলেজে পড়ার সময় তালতলার বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে ছিলেন বঙ্গবন্ধু। পরে এ শিক্ষা প্রতিষ্ঠানের নাম হয় মৌলানা আজাদ কলেজ।

বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষায় ১৯৯৮ সালে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের সময়ে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ সংরক্ষণের উদ্যোগে নেওয়া হয়। ওই বছরই উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের।

এরপর ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যটি উন্মোচন করেন। গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ওই ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

ওই অনুষ্ঠানের পর ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’ নামে একটি সংগঠন বেকার হোস্টেল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরানোর দাবি তোলে।

Image
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কলকাতার বেকার হোস্টেলে তার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয় গত ১৭ মার্চ। ছবি: শামসুল আলম/ফেইসবুক

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কলকাতার বেকার হোস্টেলে তার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয় গত ১৭ মার্চ। ছবি: শামসুল আলম/ফেইসবুক

Image
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’ এর কর্মীরা

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’ এর কর্মীরা

ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক স্মারকলিপিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, “আপনি মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামী মতাদর্শের বাইরে গিয়ে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন করেছেন কেন?

“আপনার এই সিদ্ধান্ত নিয়ে ভারতের একজন গর্বিত নাগরিক হিসেবে আমাদের কোনো বিরোধ বা প্রতিবাদ নেই। কিন্তু মুসলিমদের জাতীয় সম্পত্তির মধ্যে পিতার মূর্তি বসিয়ে দিয়ে যাবেন, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না।”   

ওই ভাস্কর্য সরিয়ে কলকাতার অন্য কোনো সরকারি জায়গায় বসালে কোনো আপত্তি তোলা হবে না বলে জানানো হয় ফেডারেশনের বিবৃতিতে।

এ বিষয়ে মমতা বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষায় কোনো বিরোধিতা বরদাশত করা হবে না। কেউ তা করতে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।