২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ‘বন্ধু’ হলেন ক্ষুদেবন্ধুর তুলিতে

লাল-নীল-বেগুনি-সবুজ রঙে বঙ্গবন্ধু; কোথাও তিনি বন্ধু হয়ে এসেছেন ক্ষুদে আঁকিয়ের ক্যানভাসে, কোথাও তর্জনী উঁচিয়ে দিচ্ছেন মুক্তি সংগ্রমের নির্দেশনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2017, 05:06 PM

Updated : 11 Oct 2022, 01:37 PM

কেবল বঙ্গবন্ধু নন, যে দেশের স্বাধীনতা সংগ্রামকে তিনি দিয়েছিলেন পরিণতি, সেই সবুজ-শ্যামল বাংলাদেশের আবহমান সংস্কৃতি, দৈনন্দিন চিত্র- সবই উঠে এসেছে কয়েকশ ফ্রেমে। এসেছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ সংগ্রামমুখর দিনগুলোর চিত্রও। 

মনের ক্যানভাসে থাকা ‘প্রাণের নেতা’, ‘বন্ধু’ শেখ মুজিবুর রহমান আর বাংলাদেশকে এভাবেই রং আর তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছে শিশু আঁকিয়েরা।

বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সেন্টার ফর অ্যাডভান্সড নার্চারিং অ্যান্ড ভিজ্যুয়াল আর্টস স্টাডিজের (ক্যানভাস) আয়োজনে শুক্রবার পল্লবীতে হয় ক্যানভাসের এই ‘আর্ট ফেস্ট’।

এবারের উৎসবে বিষয় বা মাধ্যম বেঁধে দেওয়া ছিল না। রং- তুলির পাশাপাশি পেন্সিলেও আঁকার স্বাধীনতা পেয়েছে শিশুরা। ফলে শিশুমনের মুজিব তাদের ক্যানভাবে ফুটে উঠেছেন নানান মাত্রায়। সেখানে এসেছে সাহসিকতা, বীরত্ব আর মহানুভবতার গল্প।

মিরপুরের সাউথ উইলস স্কুল থেকে আসা ধরিত্রীর ছবিতে পাওয়া গেল, ‘বন্ধু’ শেখ মুজিবুর রহমানকে। ছবিতে ধরিত্রীর সঙ্গেই জন্মদিন উদযাপন করছেন বঙ্গবন্ধু। সেখানে বন্ধুর দল বঙ্গবন্ধুর জন্য নিয়ে এসেছে বিরাট এক কেক।

“আমি বাবা-মায়ের মুখে বঙ্গবন্ধুর কত গল্প শুনেছি। এছাড়া টিভিতে দেখেছি, বইয়ে পড়েছি। তার গল্প পড়েই মনে হয়, তিনি তো এক বীরপুরষ। খুব সাহসী ছিলেন,” চটপটে উত্তর ধরিত্রীর।

আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া জাহান অন্বেষাও এঁকেছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। মা-বাবার মুখে সেও শুনেছে জাতির জনকের নেতৃত্বগুণের গল্প।

“ আজ তার জন্যই তো আমরা বাঙালি হিসেবে এত গর্ব করছি। তার জন্যই বাংলায় পড়ছি, লিখছি, এমনকি আঁকছিও বাংলায়।”

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে থেকে আসা ক্ষুদে শিল্পী আফরিন, প্যারাডাইস ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির সাঈদা বিনতে জামান, তার বন্ধু তানজিনা রহমান, একই স্কুলের চতুর্থ শ্রেণির জাইসা রহমান রিফাতের ক্যানভাসেও দেখা গেল মুক্তিসংগ্রামের মহানায়কের ছবি।

তাদের রংতুলির একেকটি পোঁচে লাল-সবুজের ক্যানভাসে জীবন্ত হয়ে উঠছেন বঙ্গবন্ধুকে, ফুটে উঠছে ১৯৫২, ১৯৬৯, মুক্তিযুদ্ধ আর গ্রামীণ জীবনের নানা মুখরতা।

মাদার তেরেসা স্কুলের পঞ্চম শ্রেণি পড়ুয়া নাতাশা হাসান, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির জাইমা জাহিন রিয়াশা এঁকেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

মুক্তিযোদ্ধাদের যুদ্ধ জয় আর বীরত্বের গল্প উঠে এসেছে নাহার অ্যাকাডেমি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির নাদিয়া আক্তার নিঝুমের ছবিতে। তার ছবির শিরোনাম ‘জয় বাংলা’।

মুক্তিযুদ্ধের গল্প ফুটে উঠেছে পেভিস ইন্টারন্যাশনাল স্কুলের তাসফিয়া বিনতে রিশা ও সেন্ট পলস মিশনে স্কুলের আরাফের ক্যানভাসেও।

আহসানিয়া মিশন স্কুল থেকে আসা দেবশ্রী সরকারের ক্যানভাসে মিলেছে বিজয় দিবসের প্রেক্ষাপট; তার ছবির শিরোনাম ‘আমাদের সোনার বাংলা’।

মিরপুর বাংলা স্কুলের সুমাইতা কবিরের ছবির শিরোনাম ‘স্বাধীনতার চেতনা’। আহসানিয়া মিশন স্কুলের তপতী মণ্ডল এঁকেছে ভাষা আন্দোলনের প্রতিবাদী সেই মিছিলের ছবি।

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে আসা যমজ ভাই-বোন আইয়ান ও ফাইজা এঁকেছে গ্রামবাংলা। গ্রামে ঘুরতে গিয়ে পালতোলা নৌকা, হাট, সবুজ মাঠ – খুব মনে ধরে গেছে ওদের।

আঁকিয়েদের সঙ্গে আসা অভিভাবকরা বলছেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর ভাবনার সঙ্গে আরও ভালোভাবে শিশুদের পরিচয় করিয়ে দেয়া সম্ভব।

“আমার ছোট মেয়েটা এখনও বঙ্গবন্ধুকে ঠিকমত চিনতে পারেনি। বড়টা চেনে। তার কাছে ছোট মেয়ে বঙ্গবন্ধুর গল্প শোনে আর ছবি দেখে। যিনি আমাদের স্বাধীনতা আর দেশ এনে দিলেন, তাকে পরবর্তী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা আমাদের অন্যতম দায়িত্ব,” বলেন সাহাবা বিনতে জামানের মা আয়েশা আক্তার।

সালমা রহমান নামের আরেক অভিবাভক বলেন, সিলেবাসে, পাঠ্যসূচিতে নানা পরিবর্তন করে একসময় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল।

“তার রেশ এখনও দেখি। অভিভাবকদের অনেকে বঙ্গবন্ধুকে ভুলভাবে জানে। সতর্ক হওয়ার এখনই সময়। না হলে ছেলেমেয়েরা সব ভুল ইতিহাস জানবে,” বলেন এ স্কুলশিক্ষক।

ক্ষুদে আঁকিয়েদের এ চিত্রাঙ্কন পর্বে ছিল না প্রতিযোগিতা। যারা অংশ নিয়েছে তাদের সবাইকে দেওয়া হয়েছে সনদ।

চিত্রাঙ্কন পর্বের পরে ছিল ‘যেমন খুশি তেমন সাজো’। এই পর্বেও প্রাধান্য ছিল বঙ্গবন্ধুর; অনেকে ‘হয়েছে’ মুক্তিযোদ্ধা, কারও সাজ পোশাক ছিল সাধু-বাউলের।

শিশুদের মননশীলতার বিকাশে ক্যানভাস প্রতিবছর এ ধরনের আয়োজন করে আসছে বলে জানান প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ফাহিম ফেরদৌস।

“বাচ্চাদের মননশীল প্রতিভার বিকাশে আমরা কাজ করছি। ধরাবাঁধা নিয়মকানুন নয়, ওরা আঁকুক ওদের খেয়ালখুশি মত। সাজুক ওদের ইচ্ছা মত।”

সামনে এর চেয়েও বড় আকারে বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজনের প্রতিশ্রুতি দেন ফাহিম।

“জাতীয় শিশু দিবসে এই আয়োজনটি বরাবরই করছি আমরা। এবার স্পন্সর জটিলতায় পরিসর একটু কমেছে। তবে আগামী বছর আমরা মিরপুর ইনডোর স্টেডিয়ামে আরও বড় পরিসরে উৎসব করতে চাই।”

ক্যানভাসের এই আয়োজনে বিকালের পর্বে আছে বাউল গান, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী আর পুতুল নাচ।

সন্ধ্যা ৬টায় উৎসবের মূল অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন লেখক, কার্টুনিস্ট আহসান হাবীব, শিল্পী-গবেষক শাওন আকন্দ, কবি টোকন ঠাকুর ও শিল্পী নায়লা আজাদ নূপূর।