সব হারিয়ে নিদারুণ বাস্তবে ওরা
শহরের সবচেয়ে ‘ছোট’ কাজ করে কোনো রকমে চলছিল সংসার; স্কুলগামী ছেলে-মেয়ের মধ্যে স্বপ্ন বুনছিলেন কেউ কেউ, কারও সাধ ছিল একটু একটু জমানো টাকায় গ্রামের ভিটেয় উঠবে ঘর।
গভীর রাতে ঘুমের মধ্যে ‘দুঃস্বপ্নের’ মতো আগুনের শিখা সব কিছু ছাই করে দেওয়ায় এখন নিদারুণ বাস্তবের মুখে জীবন চালিয়ে নেওয়ার সংগ্রামে বিদ্ধ এই মানুষগুলো।
বুধবার মধ্যরাতে জ্বলে ওঠা আগুনে পুড়ে গেছে ঢাকার কড়াইল বস্তির কয়েকশ ঘর। ওই আগুন থেকে প্রাণে বাঁচলেও সামনের দিনগুলো কীভাবে কাটবে সেই চিন্তা এখন ঘরগুলোর বাসিন্দাদের।
পোড়া এই ঘরগুলোর পাশাপাশি দুটিতে বসবাস চতুর্থ শ্রেণির ছাত্রী রাজিয়া ও বৈশাখীর। একই স্কুলের ছাত্রী হওয়ায় দুজনের মধ্যে বেশ ভাব।
কিন্তু অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার স্কুলে যাওয়া হয়নি রাজিয়া-বৈশাখীর। কারণ বই-খাতা, স্কুলের ইউনিফর্ম, স্কুল ব্যাগ কোনো কিছুই আর অবশিষ্ট নেই, সব পুড়ে ছাই।
রাতে লাগা আগুনে চারপাশের আর্ত চিৎকারে মা-বাবার সঙ্গে নিরাপদে চলে যেতে সক্ষম হয় এই শিশুরা। সকালে ফিরে এসে দেখে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
দুপুরে ওই ধ্বংসস্তূপের মধ্যেই নিজেদের বই-খাতা খুঁজছিল রাজিয়া ও বৈশাখী।
খোঁজাখুঁজির পর পোড়া টিন দিয়ে ধ্বংসস্তূপের এক ফাঁকে একটু ছায়া তৈরি করে সেখানে বসে অর্ধপোড়া সাজ-সজ্জার বক্স (মেকআপ বক্স) নেড়েচেড়ে দেখছিল দুই শিশু।
“আমি তখন ঘুমে, আগুন বলে বাবা চিৎকার দিয়ে সবাইকে উঠতে বলল। এরপর বের হয়ে দৌড়ে সরে যাই। সকালে ফিরে এসে দেখি আমাদের আর কিছুই অবশেষ নেই, সঙ্গে আমার বই-খাতা, কাপড়-চোপড় সব পুড়ে ছাই হয়ে গেছে।”
বৈশাখী জানায়, তারা দুই ভাই-বোন। ছোট ভাই রবিউলও তার স্কুলেই ক্লাস ওয়ানে পড়ে। আগুনে বই-খাতা পুড়ে যাওয়ায় আবার কবে স্কুলে যাওয়া হবে তা তার জানা নেই।
রাজিয়ার মা শিরিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জন্মের পর থেকেই এই বস্তিতে আছেন তিনি। ১৭ বছর আগে বিয়ে হয় তার। স্বামী রাজ্জাক পাইপ ফিটিংসের কাজ করে।
“কোনো রকমে দিন চলে যায়। ছেলে-মেয়েরা স্কুলে পড়ে। আগুনে তো সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা কী করব?”
“দুইজনের আয় দিয়ে সংসার ও ছেলে-মেয়েদের পড়াশুনা ভালোই চলছিল। এখন চলব কীভাবে, আর ওদেরই বা পড়াব কী করে-কিছু বুঝতে পারছি না।”
আগুনে নিঃস্ব হয়ে পোড়াস্তূপের পাশে বসেই বিলাপ করছিলেন আনোয়ারা খাতুন ও মেহেরুন নেছা।
কুমিল্লার নাঙ্গলকোটের আনোয়ারা বলছিলেন, “আগুনে আমার সব শেষ হওয়া গেছে গা, জীবনটা নিয়া কোনোমতে বাইছ্যা আসতি পারছি গো, ফরনের কাপড় ছাড়া সারা জীবনে জমানো আমার টেকা-খড়ি সব শেষ হইয়া গেছে গা। এখন আমি কী করুম গো?”
আগুনে সব সহায়-সম্বল হারানো লাকী বেগম জানান, স্বামী, দুই ছেলে ও এক মেয়ে নিয়েকে নিয়ে জীবন বাঁচাতে পারলেও কিছুই আর অবশেষ নেই তার।
বস্তিতে তার ছোট একটি ব্যাকারি ছিল জানিয়ে এই নারী বলেন, ২০০৪ সাল থেকে এই ব্যাকারিতে বিভিন্ন খাবার বানানো শুরু করেন তিনি। ওই সব খাবার দোকানে দোকানে ‘সাপ্লাই’ দেওয়া হত।
দুপুরে ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে বসে বিলাপ করছিলেন পঞ্চাশোর্ধ্ব জরিনা বেগম।পোশাক কারখানায় কাজ করা একমাত্র ছেলে মামুনকে নিয়ে বস্তির এক ঘরে থাকতেন স্বামীহারা শেরপুরের এই নারী।
পরনের কাপড় ও ছেলের মোবাইল ফোনটি ছাড়া তাদের আর কিছু বাকি নেই বলে জানান জরিনা।
বিলাপে মা-ছেলের হাঁড়ভাঙা খাটুনির কঠিন দিনের কথা বলে চলেন তিনি।
“মাইনষের বাড়ি বাড়ি কাম করি, মাঝে মইদ্যে (ফাকে ফাকে) ইট ভাইঙা রোজগার করি। পোলায় একটা গার্মেন্টসে কাম করে। মা-পোলায় কষ্ট কইরা টেহা জমাইতাম; আট বছরের জমাইন্না সব টেহা এক রাইতের আগুনে পুইড়া ছাই অইয়া গেছে।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মায়ের ইচ্ছা আছিল, আর কিছু টেকা জমাইতে পারলে গ্রামের ভিটায় একটা ঘর করার, কিন্তু হেই আশা ভাইঙা গেসে; আমরার থাহন-খাওনের কোনো সম্বল নাই।”
গুলশান লেকের দুই তীরে দেড়শ একরের বেশি জমির ওপর বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা কড়াইল বস্তিতে কয়েক লাখ লোকের বসবাস।
রাত ২টার দিকে বস্তিটিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের প্রায় সোয়া পাঁচ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে।
এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো লাগা এবারের আগুনে বস্তির অধিকাংশ টিনের ঘর পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
