সাবেক বিচারককে দুদকে জিজ্ঞাসাবাদ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক ও সাবেক বিশেষ জেলা ও দায়রা জজ ফারুক আহম্মেদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তাকে বৃহস্পতিবার সকালে প্রায় দুই ঘণ্টা ধরে দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম জিজ্ঞাসাবাদ করেন বলে সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক জজ ফারুক আহম্মেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।”
গত বছরের ১০ মার্চ সাবেক বিচারক ফারুক আহম্মেদকে নোটিস দেয় দুদক। এরপর ১০ অগাস্ট্ তিনি তার সম্পদ বিবরণী দুদকে দাখিল করেন। তারপর তার সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
জালিয়াতির মামলার অভিযোগপত্র অনুমোদন
জালিয়াতির মাধ্যমে গাড়ির ভূয়া কাজগপত্র তৈরি করে সরকারের রাজস্ব আত্মসাতের এক মামলায় বিআরটিএ ও পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক।
বৃহস্পতিবার কমিশন সভায় তা অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির উপ-পরিচালক প্রণব ভট্টাচার্য্য জানিয়েছেন।
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে, তারা হলেন- বিআরটিএর সহকারী পরিচালক মো. গিয়াস উদ্দিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ পরিদর্শক (টিআই) দেবব্রত মিস্ত্রি, সুবিধাভোগী মো. দিদারুল আলম টিটো ও তার স্ত্রী রেশমা আক্তার ও সিকদার আবুল কাসেম।
প্রণব জানান, আসামিরা পরস্পর যোগসাজশে গাড়ি আমদানি ও রাজস্ব পরিশোধ সংক্রান্ত জাল ও ভূয়া কাজগপত্র তৈরি করে, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ২০ লাখ ৮২ হাজার ৬৫ টাকা আত্মসাৎ করেন।
ওই অভিযোগে ২০১২ সালের ২২ এপ্রিল দুদকের উপ-সহকারী পরিচালক সৈয়দ আতাউল কবির ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। এরপর মামলাটি তদন্ত করেন দুদকের উপ-পরিচালক মো. খায়রুল হুদা।
