২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে, তবে নির্মূল হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও সম্পূর্ণ নির্মূল হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2017, 04:51 PM

Updated : 19 Aug 2022, 04:02 PM

বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে নিজ কার‌্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

“আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা গেছে, তবে সম্পূর্ণ নির্মূল হয়নি।”

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর মন্ত্রীর এই মন্তব্য এলো।

বুধবার সন্ধ্যা থেকে সীতাকুণ্ডের প্রেমতলার জঙ্গি আস্তানায় চলা আইন-শৃঙ্খলা বাহিনীর ১৯ ঘণ্টা অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণ ও গুলিতে এক নারীসহ চার ‘জঙ্গি’ নিহত হয়।

এর আগে কুমিল্লায় পুলিশের ওপর হামলা এবং টঙ্গীতে মুফতি হান্নানের প্রিজন ভ্যানে হামলার ঘটনায়ও জঙ্গিরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

সীতাকুণ্ডে অভিযানের সময় আহত পুলিশ সদস্য ‘আশঙ্কামুক্ত’ বলে জানান মন্ত্রী। রাতভর ঘিরে রেখে সকালে অভিযানে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো গেছে তিনি মনে করেন।

মন্ত্রী বলেন, “ওইখানে সারারাত ভবনটা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাত্রে অভিযান চালালে ক্যাজুয়ালটির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় সকালে অভিযান পরিচালনা করা হয়।”

দেশে কোনো আইএস জঙ্গি নেই বলে পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইএসের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্কও নেই। এখানে যারা কর্মকাণ্ড চালাচ্ছে তারা সবাই হোম-গ্রোন জঙ্গি।”