২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবির রিপোর্ট বানোয়াট: প্রবাসী কল্যাণমন্ত্রী

বিদেশগামী পুরুষকর্মীদের ৯০ শতাংশ বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতির শিকার বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে তথ্য দিয়েছে, তা ‘বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2017, 11:33 PM

Updated : 19 Aug 2022, 04:01 PM

ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেছেন, “আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে কি না, খতিয়ে দেখছি।”

মঙ্গলবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিবাসন বিষয়ক রিপোর্টারদের সংগঠন রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টসের (আরবিএম) সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন নুরুল ইসলাম বিএসসি।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শামছুন নাহার বলেন, “আমরা টিআইবির পুরো রিপোর্ট হাতে পেয়েছি। এই প্রতিবেদন  আমাদের বিভিন্ন সংস্থা যেমন- বিএমইটি, কল্যাণ বোর্ড ও বোয়েসেলসহ সব সংস্থাকে দিয়েছি। সবার সম্মিলিত মতামত নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করে টিআইবির রিপোর্টের জবাব দেওয়া হবে।”

গত বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে টিআইবি বলে, বিদেশগামী বাংলাদেশি পুরুষকর্মীদের ৯০ শতাংশ বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতির শিকার। অভিবাসন প্রক্রিয়াটি জটিল ও দীর্ঘ হওয়ায় তারা দুর্নীতির শিকার হচ্ছেন।

দালাল নির্ভরতার কারণে দুর্নীতির পাশাপাশি বিদেশগামীদের ব্যয়ও বেড়ে যাচ্ছে বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

পুরনো খবর:

বিদেশ যেতে ৯০ ভাগ পুরুষ কর্মী দুর্নীতির শিকার: টিআইবি