নরসিংদীতে জোড়া খুন: পলাতক কিরণের ফাঁসি হাই কোর্টে বহাল
নরসিংদীর শিবপুরের জোড়া খুনের মামলায় পলাতক বখাটে কিরণ মিয়াকে নিম্ন আদালতের দেওয়া ফাঁসির রায় বহাল রেখেছে হাই কোর্ট।
ওই মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রোববার বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এই রায় দেয়।
তবে একই মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জহিরকে খালাসের রায় দিয়েছে আদালত।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী নিতাই গোপাল দেবনাথ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বজলুর রশিদ ও দেলোয়ারা বেগম বেলা।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১ সালের ২৮ জুন নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ এ কে এম আবুল কাসেম প্রধান আসামি কিরণ মিয়াকে মৃত্যুদণ্ড ও জহিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ঘটনার পর থেকেই কিরণ মিয়া পলাতক।
পরে যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আসামি জহির হাই কোর্টে আপিল করেন। কিরণ মিয়া না করলেও মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য তার ডেথ রেফারেন্স হাই কোর্টে আসে।
মামলার বিবরণ থেকে জানা যায়, নরসিংদীর শিবপুরের শিক্ষার্থী ইতিয়াজ বেগম ইতিকে (১৭) প্রতিনিয়ত উত্ত্যক্ত করত একই এলাকার বখাটে কিরণ মিয়া।
প্রেমের প্রস্তাবে বার বার প্রত্যাখ্যাত হয়ে ২০০২ সালের ১৯ অগাস্ট রাতে বখাটে কিরণ দলবল নিয়ে বাড়ি থেকে ইতিকে তুলে নিতে যায়। এতে বাধা দিলে ইতির ভাবী রুবি বেগম ও আত্মীয় মো. ফারুককে কুপিয়ে হত্যা করে কিরণ মিয়া।
এ ঘটনায় ২০০২ সালের ২২ আগস্ট রুবি বেগমের স্বামী বাদি হয়ে শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে ২০১১ সালের ২৮ জুন নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ এ কে এম আবুল কাসেম আসামি কিরণ মিয়াকে মৃত্যুদণ্ড ও জহিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
