২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুকুর দুর্নীতির মামলার পুনঃশুনানি, একই আদেশ আবার

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে দুর্নীতির মামলাটি হাই কোর্টে পুনঃশুনানির আদেশ আবার এসেছে আপিল বিভাগ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 05:36 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

রোববার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ পুনঃশুনানির রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে এই বিএনপি নেতার আবেদন খারিজের আদেশ দেয়।

আদালতে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান এবং টুকুর পক্ষে ছিলেন আইনজীবী মৌলভী ওয়াহেদ উল্লাহ।

গত বছরের ১৩ এপ্রিল প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ টুকুর রিভিউ আবেদন নিয়ে একই আদেশ দিয়েছিল।

মামলাকারী দুদকের কৌঁসুলি খুরশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন বলেন, “আজ আবার সেটি কার্যতালিকায় আসে। পরে শুনানির সময় গত বছরের ১৩ রিভিউ খারিজের বিষয়টি আদালতের নজরে আনলে আদালত তা খারিজ করে দেয়।”

আগে খারিজ হওয়া আবেদন পুনরায় আদালতের কার্যতালিকায় কীভাবে এল-জানতে চাইলে তিনি বলেন, “ভুল করে আসতে পারে।”

“এখন ইকবাল হাসান মাহমুদ টুকুর আপিল হাই কোর্টে শুনানি করতে হবে,” বলেন দুদকের কৌঁসুলি খুরশীদ।

৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পদের হিসাব ও আয়ের উৎস গোপনের অভিযোগে দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের মার্চে টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এই মামলা করেন।

কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা ওই বছর ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র জমা দেন।

২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে টুকুকে নয় বছরের কারাদণ্ড দেয়।

ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাই কোর্ট ২০১১ সালের ১৫ জুন খালেদা জিয়ার সরকারের এই প্রতিমন্ত্রীকে খালাস দেয়।

হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেয় আপিল বিভাগ।

আপিল বিভাগের সেই রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন টুকু, যা প্রত্যাখ্যাত হল।