পুরান ঢাকার রাসায়নিক কারখানা-গুদাম সরাতে অভিযান
রাজধানীর পুরান ঢাকার অবৈধ রাসায়নিক কারখানা এবং গুদাম অপসারণে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
রোববার লালবাগের শহীদনগর এলাকায় মেয়র সাঈদ খোকনের উপস্থিতিতে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান শুরু করে।
বেলা সাড়ে ১২টায় অভিযানের শুরুতে একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা এবং দুটি কারখানাকে সরিয়ে নিতে বলা হয়। ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানের শুরুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, “পুরান ঢাকায় অনেক রাসায়নিক কারখানা এবং গোডাউন রয়েছে। এগুলো থেকে আগুন লেগে ইতিমধ্যে অনেক সাধারণ মানুষ মারা গেছে। তাই এসব কারখানা বন্ধ করে দেওয়া হবে।
“আমাদের কথা পরিষ্কার, জননিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে এমন কারখানা আমরা পুরান ঢাকায় থাকতে দেব না। এখান থেকে সরিয়ে দেব। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমাদের এ অভিযান চলবে।”
এসব কারখানা-গুদাম সরিয়ে নিতে মালিকদের কোনো নির্দিষ্ট জায়গা দেওয়া হবে কি না এমন প্রশ্নে মেয়র সাঈদ খোকন বলেন, “এটা কারখানা মালিকদের ব্যাপার। তারা কারখানা কোথায় চালাবে সেটা তাদের ব্যাপার। এ ব্যাপারে সিটি করপোরেশনের কিছু করার নেই।”
এসব কারখানা-গুদাম সরিয়ে নিতে প্রচারও চালানো হয়েছে বলে জানান মেয়র।
অভিযানের শুরুতে লালবাগের শহীদ নগরের ১ নম্বর গলির ইউনিক পলিমারের কারখানায় যায় ভ্রাম্যমাণ আদালত। প্লাস্টিক পণ্যের জন্য অনুমোদন নিলেও কারখানাটিতে তরল দাহ্য রাসায়নিক পদার্থ মজুদ ছিল। এসব রাসায়নিক দিয়ে জুতা তৈরির আঠাসহ বিভিন্ন দ্রব্য তৈরি করা হতো।
অভিযানের খবর পেয়ে কারখানাটির মালিক আবদুল করিম সেন্টু পালিয়ে যান। সে সময় কারখানায় কোবাদ আলী নামের এক শ্রমিক ছিলেন। পরে আদালত ওই কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করে। অনাদায়ে কারখানার কর্মচারী কোবাদ আলীকে ৬ মাসের কারাদণ্ড দেয় আদালত।
“অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইনের ২০০৩ এর ১৮ ধারা অনুযায়ী শর্ত ভঙ্গের অভিযোগে এ শাস্তি দেওয়া হয়েছে।”
২০১০ সালের ৩ জুন রাতে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ১২৫ জনের মৃত্যু হয়।
এলাকাবাসীর বক্তব্য, এলাকার বিয়ের অনুষ্ঠানের জন্য রান্নার সময় ঘটনাস্থলের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। পরে আগুন আশপাশে কাগজের দোকান,জুতা ও প্লাস্টিক সামগ্রীর কারখানার দাহ্য পদার্থে লেগে ছড়িয়ে পড়ে।
