চলে গেলেন ‘ঝনু ভাই’
বাংলা অন্তঃপ্রাণ উর্দুভাষী জয়নাল আবেদীন আর নেই।
সহকর্মীদের কাছে ‘ঝনু ভাই’ নামে পরিচিত প্রবীণ এই সাংবাদিক বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন।
বাংলাদেশে তার স্বজনদের কেউ ছিল না। ১৯৫০ সাল থেকে তিনি ঢাকায় বসবাস করছিলেন। তার ঠিকানা ছিল তোপখানা রোডের জাতীয় প্রেস ক্লাব। সেখানেই তিনি থাকতেন।
৮১ বছর বয়সে বার্ধক্যজনিত নানা রোগে বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন জয়নাল আবেদীন।
সাংবাদিক আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে চিকিৎসকরা তাকে অক্সিজেন দিয়ে রেখেছিলেন। সন্ধ্যার পর অবস্থার অবনতি ঘটতে থাকে, রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”
জয়নাল আবেদীনের মরদেহ রাতে বারডেমের হিমঘরে থাকছে।
শুক্রবার সকাল ৯টায় প্রথমে জাতীয় প্রেস ক্লাবে এবং বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে রহমান জানান।
জয়নাল আবেদীনের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন শোক প্রকাশ করেছেন।
উর্দুভাষী হয়েও বায়ান্নোয় রাষ্ট্রভাষা বাংলার পক্ষে দাঁড়িয়েছিলেন জয়নাল আবেদীন। পরিবারের সবাই পাকিস্তানে চলে গেলেও বাংলার টানে রয়ে যান এখানেই।
সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যকর্মেও সক্রিয় ছিলেন তিনি; জনপ্রিয় অনেক চলচ্চিত্রের কাহিনীও তার লেখা।
তবে সব কিছু ছাপিয়ে ভাষা আন্দোলনে অংশগ্রহণের বিষয়টিতেই গুরুত্ব ছিল তার।
ভাষা আন্দোলনের সময় ঢাকা কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন জয়নাল আবেদীন। তখন ঢাকা কলেজ ক্যাম্পাস ছিলো ফুলবাড়িয়ায়। বামপন্থি রাজনীতিতে যুক্ত থাকার কারণে দেয়াল লিখনে হাত পাকিয়েছিলেন তিনি তখনই; ঘনিষ্ঠরা তাকে বলতেন- ‘মাস্টার অব ওয়াল রাইটার’।
বায়ান্নতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পুরনো ঢাকায় দেয়ালে দেওয়ালে উর্দু ভাষায় ‘হামারী জবান, বাংলা জবান (আমার ভাষা বাংলা ভাষা)’ স্লোগান লিখেছিলেন তিনি।
২১ ফেব্রুয়ারির আগে পুলিশ যখন ১৪৪ ধারা জারি করে, তখন একটি বৈঠকে অনেক ভাষা সৈনিকের সঙ্গে তিনিও ছিলেন বলে কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।
একুশ সম্পর্কে তিনি বলেছিলেন, “বাংলা ভাষার জন্য এরকম রক্ত দেওয়ার ঘটনা বিশ্বে আর কখনও ঘটবে না। এজন্যই সারাবিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারিকে বিলম্বে হলেও স্বীকৃতি দিয়েছে। সেই রকম একটি দেশের মানুষের সঙ্গী আমি, এটাই আমার বড় ভাগ্য।”
“আমি বাংলাদেশকে নিজের মায়ের দেশ মনে করি,” বলেছিলেন তিনি।
জয়নাল আবেদীনের জন্ম ১৯৩৭ সালে ভারতের উত্তর প্রদেশের রাজধানী এলাহাবাদে; শৈশব কেটেছে বিহারে, যেখানে তার বাবা মুহাম্মদ মোস্তফা ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে হেড ড্রাফটসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
১৯৪৭ সালে ভারত বিভক্তির পর মোস্তফা পূর্ব পাকিস্তান রেলওয়েতে যোগ দেন, কর্মস্থল হয় বর্তমান নীলফামারীর সৈয়দপুরে।
সৈয়দপুরের হাইস্কুল থেকে মেট্রিকুলেশন পাসের পর ঢাকা কলেজ থেকে আইকম ও বিকম পাস করেন জয়নাল আবেদীন। কলেজে থাকার সময় কমিউনিস্ট পার্টিতে যোগ দেন তিনি।
তার সাংবাদিকতা শুরু ১৯৫৭ সালে উর্দু দৈনিক জংয়ের মাধ্যমে। পরে তিনি মর্নিং নিউজ, বাংলাদেশ টাইমস, চলচ্চিত্র পত্রিকা চিত্রালী, ওয়াতন, সংবাদ সংস্থা এনায় কাজ করেছেন। জং এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি।
একশর বেশি চলচ্চিত্র কাহিনীর রচয়িতা জয়নুল আবেদীনকে রুপালি জগতের অনেকে ‘গুরু’ বলে মানেন। পরিচালক এহতেশাম, মুস্তাফিজ, শিবলী সাদেক, অভিনেতা রহমানের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক।
কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস ‘খোয়াবনামা’ উর্দুতে অনুবাদ করেন জয়নাল আবেদীন।
তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। দুই ভাই পাকিস্তানের করাচিতে থাকেন। একমাত্র বোন চার বছর আগে মারা যান।
