২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় কমিটির বৈঠকও হোক উন্মুক্ত: তথ্যমন্ত্রী

তথ্য অধিকার আইন নিয়ে এক সেমিনারে যোগ দিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সংসদ অধিবেশনের মতো উন্মুক্ত করার পক্ষে মত জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 10:24 PM

Updated : 19 Aug 2022, 03:58 PM

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য অধিকার আইন ও গভীরতাধর্মী সাংবাদিকতা’ শীর্ষক ওই সেমিনারে তিনি বলেন, “সংসদীয় কমিটিতে মন্ত্রীসহ ১০-১২ জন বসেন, সেটা উন্মুক্ত না, যদিও সংসদ অধিবেশন উন্মুক্ত।

“অগ্রসরমান গণতন্ত্রের চর্চা হিসাবে সংসদীয় কমিটির বৈঠকও উন্মুক্ত হওয়া উচিৎ। এই জন্যই যে, সংসদীয় কমিটিতে আইনগুলো আলোচিত হয়, সংশোধনীগুলো নিষ্পত্তি হয় এবং সংসদে যেটা যায় সেটা আনুষ্ঠানিকতা মাত্র। সংসদীয় কমিটির উন্মুক্ত হওয়া অবাধ তথ্য প্রবাহে ভূমিকা রাখবে।”

বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ইনু।

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা নির্বাচন কমিশনের খরচে ছাপিয়ে বিলি করার প্রস্তাব দেন তিনি।

জাসদ সভাপতি ইনু বলেন, “আমি মনে করি, নির্বাচন কমিশন আমার সহায়-সম্পত্তির বিবরণ ছাপিয়ে বিলি করবে। মাঝখানে প্রকাশ করল, আবার কী কারণে বন্ধ করে দিল। আমি মনে করি, সেটা নির্বাচনের আগে প্রকাশ করা উচিৎ।”

অনুষ্ঠানে করতে গিয়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ‘খালেদা জিয়ার জন্ম তারিখ নিশ্চিত’ হওয়ার মতো বিষয়ের নিষ্পত্তির জন্য রাজনৈতিক দল ও ব্যক্তিকেও তথ্য অধিকার আইনের আওতায় আনার পরামর্শ দেন।

এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “ব্যক্তির কাছ থেকে তথ্য পাওয়ার বিষয়টি আইনে নাই। রাষ্ট্রের কাছে তো চাইতে পারেন। রাষ্ট্র পাসপোর্ট দেয়, রাষ্ট্র শিক্ষা সনদ দেয়, রাষ্ট্র নির্বাচনকালীন সময়ে নির্বাচনকালীন হলফনামা নেয়।

“বেগম খালেদা জিয়ার জন্ম রহস্য নিষ্পত্তি হওয়া উচিৎ। রাষ্ট্রের উচিৎ সঠিক তথ্যটা সরবরাহ করা। এটা গোপন রাখার বিষয় না। রাষ্ট্রকে বলতে হবে, বেগম খালেদা জিয়ার সঠিক জন্মতারিখ কোনটা।”

সেমিনারে মূল প্রবন্ধে ‘সমষ্টি’ নামে সংস্থার পরিচালক মীর সাহিদুল আলম জানান, ২০১৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্যের জন্য ৬ হাজার ১৮১টি আবেদনের মধ্যে ৫ হাজার ৯৫৪টিতে তথ্য সরবরাহ করা হয়েছে। তথ্য না দেওয়ার সংখ্যা ১৯২টি এবং প্রক্রিয়াধীন ৪৯টি।

তথ্য না পেয়ে দেওয়া ৩৩৬টি অভিযোগের মধ্যে ২৪০টি গ্রহণ করে ২০৫টির নিষ্পত্তির তথ্য কমিশন করেছে বলেও জানান তিনি।

তথ্য পেতে এত কমসংখ্যক অভিযোগের প্রসঙ্গে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান বলেন, সারাদেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে মোট ২৫ হাজার তথ্য প্রদানের দপ্তর রয়েছে। একটা করে আবেদন পড়লেও সেটা ২৫ হাজার হওয়ার কথা। তার মানে আবেদন যেভাবে ব্যাপক হারে হওয়ার কথা সেভাবে হয়নি।

“তবে অনেক সময় ফরমে আবেদন ছাড়াই তথ্য পাওয়া যাচ্ছে, এ কারণে অনেকগুলো হিসাবে আসছে না।”

তিনি বলেন, “কেবল সাংবাদিকদের জন্য না হলেও সাংবাদিকরা আইনের ফলে নানাভাবে উপকৃত হচ্ছেন। আইনকে ব্যাপকভাবে ব্যবহার করার সুযোগ থাকলেও তারা হয়তো সেভাবে ব্যবহার করছেন না। এ কারণে সংখ্যায় সাংবাদিকরা কমই থাকছেন।”

সাংবাদিক নামধারী কিছু ব্যক্তি তথ্য অধিকার আইনের মাধ্যমে নানার রকম ‘অন্যায় সুবিধা’ নিচ্ছেন বলেও জানান প্রধান তথ্য কমিশনার।

“আগে দেখা যেত তথ্য ছাড়া তারা সুবিধার জন্য বারগেইন করতেন, এখন তথ্য হাতে নিয়ে তারপর সেটার ভিত্তিতে বারগেইন করছেন।”

তথ্য অধিকার আইন ব্যবহার করে অনুসন্ধানী সাংবাদিকতা আরও ব্যাপকমাত্রায় করার জন্য গণমাধ্যম প্রতিষ্ঠানে স্বতন্ত্র বিভাগ রাখা এবং সাংবাদিকদের এই আইনে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে কয়েকটি সুপারিশ করেন মূল প্রবন্ধকার।

ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনেশিয়েটিভের(এমআরডিআই) সহযোগিতায় ওই সেমিনারে সভাপতিত্বে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালামের সঞ্চালনায় অন্যদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান, শিক্ষক শামীম রেজা, একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, ডেইলি স্টারের অ্যাসাইনমেন্ট এডিটর রিয়াজ আহমেদ, গণমাধ্যম গবেষক অলিউর রহমান, এমআরডিআই নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, যশোরের গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক মবিনুল ইসলাম মবিন বক্তব্য দেন।