বাল্য বিয়ে আইন বাতিল চেয়ে আইনি নোটিস
অপ্রাপ্তবয়স্কদের বিয়ের সুযোগ রেখে সদ্যপ্রণীত ‘বাল্য বিবাহ নিরোধ আইন’ বাতিল চেয়ে আইনি নোটিস দেওয়া হয়েছে সরকারকে।
এই আইনের বিরোধিতায় নারী ও মানবাধিকার সংগঠনগুলোর সরব হওয়ার মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ সোমবার নোটিসটি পাঠান।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, রেজিস্ট্রি ডাকযোগে নোটিসটি সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো হয়েছে।
বাল্য বিয়ের অনুমোদন সংক্রান্ত বিধানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাতিল বা প্রত্যাহারে ব্যবস্থা নেওয়া না হলে হাই কোর্টে রিট আবেদনের হুমকি চিঠিতে দিয়েছেন ইউনুছ আকন্দ।
গত ২৭ ফেব্রুয়ারি ‘বাল্যবিবাহ নিরোধ বিল ২০১৭’ জাতীয় সংসদে পাস করা হয়। এই আইনে বিয়ের ন্যূনতম বয়স ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছর আগের মতো রাখা হলেও বিশেষ প্রেক্ষাপটে তা শিথিলের বিধান রাখা হয়েছে।
বিয়ের বয়স শিথিলের বিশেষ বিধান বাতিল দাবিতে এমন আহ্বান ছিল, কিন্তু তাতে ফল আসেনি
নোটিসে বলা হয়, পাস হওয়া আইনটি সংবিধানের ৭, ১১, ১৫, ২৬, ২৭ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি। এটি মুসলিম বিবাহ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইনেরও পরিপন্থি।
“এমনিতেই বাল্যবিয়ের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। এই আইনের ফলে বাংলাদেশে বাল্যবিয়ের হার আরও বাড়বে,” বলা হয় নোটিসে।
বিশেষ প্রেক্ষাপটের সুযোগ নিয়ে ‘বৈবাহিক ধর্ষণের’ (ম্যারিটাল রেইপ) হারও বাড়বে বলে ইউনুছ আকন্দের শঙ্কা।
এদিকে বিশেষ প্রেক্ষাপটের ব্যাখ্যা দিয়ে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক সোমবার এক অনুষ্ঠানে বলেছেন, আদালতের অনুমোদন ছাড়া কম বয়সে বিয়ে হতে পারবে না বলে আইনটির অপব্যবহারের সুযোগ নেই।
