২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের সাবেক ২ সিভিল সার্জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত মূল্যের চেয়ে ওষুধের দাম বেশি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালের সাবেক দুই সিভিল সার্জনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 05:12 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

রোববার এ অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্যা জানিয়েছেন।

যাদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন- বরিশালের সাবেক দুই সিভিল সার্জন  খায়রুল আলম ও মো. আফতাব উদ্দিন আহমেদ এবং মেসার্স মাদারিপুর মেডিসিন সাপ্লাইয়ার্সের মালিক মো. সাইদুর রহমান ও বরিশাল জেলা সাবেক হিসাব কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

তবে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মামলার দুই আসামি ঢাকা স্থানীয় রাজস্ব নিরীক্ষা অধিদপ্তরের অডিটর এবং বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টার্সের সাবেক অডিটর মো. রুহুল আমিন চৌধুরী ও পটুয়াখালি জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কাজী মিজানুর রহমানকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে বলে প্রণব জানিয়েছেন।

তিনি বলেন, “আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন উপেক্ষা করে ইডিসিএলভুক্ত ৫৭ ধরনের ওষুধ সামগ্রী নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে কিনে ৯টি বিলের বিপরীতে ৯১ লাখ ৬৪ হাজার ৯৬ টাকা আত্মসাত করায় মামলার অভিযোগপত্র অনুমোদন করা হয়।”

গত বছরের ২১ মার্চ বরিশাল কোতোয়ালি মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর দুদকের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন মামলাটি তদন্ত করে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।