২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসেমপুত্রের জামিন আপিলেও বহাল

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 01:29 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস‌্যের আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

আদালতে রাসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শওকত আজিজ রাসেলকে তিন মাসের জামিন দেয় হাই কোর্ট। পরে এই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল করে দুদক।

আইনজীবী খুরশিদ আলম খান আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শওকত আজিজ রাসেলকে দেওয়া হাই কোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুদকের করা আপিল খারিজ করে হয়ে গেছে।”

দুর্নীতির মাধ্যমে শওকত আজিজ রাসেল ও তার ভাই আশফাক আজিজ রুবেলের নামে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মতিঝিল থানায় মামলা করে দুদক।

মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরী, শওকত আজিজ, আশফাক আজিজসহ রাজউকের ছয় কর্মকর্তাকে আসামি করা হয়।

পরদিনই ভোরে শওকত আজিজ রাসেলকে গুলশান থেকে ও ইকবাল উদ্দিন চৌধুরীকে পরীবাগ থেকে গ্রেপ্তার করে দুদক।

পরে নিম্ন আদালতে জামিন না পেয়ে হাই কোর্টে আবেদন করেন শওকত আজিজ রাসেল।

আদালত রাসেলকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার পাশাপাশি কেন তাকে জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করে। ওই আদেশ আপিল বিভাগেও বহাল থাকল।

পারটেক্স থেকে ভাগ হয়ে গঠিত আম্বার প্রুপের চেয়ারম‌্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাসেল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্বে আছেন।

আর তার ভাই রুবেল সিটি ব‌্যাংকের পরিচালনা পর্ষদের পাশাপাশি পারটেক্স গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন।

পুরনো খবর:

হাসেমপুত্র রাসেল ও সাবেক রাজউক চেয়ারম্যান ইকবালউদ্দিনের জামিন নাকচ