গণপূর্তের প্রধান প্রকৌশলীর অপসারণ দাবি
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলামের অপসারণ দাবি করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ।
পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল হকসহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে প্রধান প্রকৌশলীর দ্রুত বিচার ও শাস্তি চেয়েছে সংগঠনটি।
শনিবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি জানান।
পরিষদের সভাপতি এ কে এম আবদুল মোতালেব বলেন, “একটি বিষয়ে আলাপ করতে আমরা ১৩ ফেব্রুয়ারি রফিকুল ইসলামের কাছে চিঠি পাঠাই। কিন্তু তিনি সাড়া না দেওয়ায় পহেলা মার্চ সাধারণ সম্পাদকসহ আমরা তিনজন সেখানে যাই।
“প্রধান প্রকৌশলী আমাদের স্টাফ অফিসারের কক্ষে অপেক্ষা করতে বলে তার লোকজনকে খবর দেন। একপর্যায়ে ৩০-৪০ জনের একটি দল এসে আমাদের ওপর হামলা করে। পিটিয়ে আমাদের সাধারণ সম্পাদকের একটি পা ভেঙে দেওয়া হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
সমাবেশ থেকে এ ঘটনার প্রতিবাদে ৬ মার্চ থেকে ১৩ মার্চ বিভিন্ন সরকারি দ্প্তরে প্রতিবাদ সভা এবং ১৪ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. খবিবর হোসেন, মো. শামসুর রহমান, এমদাদুল হক আকন্দ ও কামরুজ্জামান নয়ন।
