উন্নয়নশীল দেশে জাতিসংঘের সহযোগিতা যথেষ্ট নয়
উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন চেষ্টায় জাতিসংঘের বর্তমান সহযোগিতা ‘যথেষ্ট নয়’ বলে মনে করেন বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান।
তিনি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে স্বল্পোন্নত দেশগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ প্রয়োজন।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ‘এজেন্ডা ২০৩০ এর সমন্বিত বাস্তবায়ন: স্বল্পোন্নত ও স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং যুদ্ধাবস্থা থেকে উত্তরণশীল দেশগুলোতে জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থার ভূমিকা’ শীরোনামে এক আলোচনায় আব্দুল মান্নান এ কথা বলেন।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) চতুর্থ বার্ষিক সামগ্রিক পলিসি রিভিউ এর অংশ হিসেবে এ আলোচনার আয়োজন করে।
জাতিসংঘের উন্নয়ন সহায়তা ২০১৪ সালের ৫৩ শতাংশ থেকে ২০১৫ সালে ৪৭ শতাংশে নেমে এসেছে জানিয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, “স্বল্পোন্নত দেশগুলোর ক্ষুধা ও দারিদ্র্য নির্মূল, জনস্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য সামাজিক সেবার উন্নয়ন, জলবায়ুর প্রভাব মোকাবিলা এবং নিজস্ব সামর্থ্য তৈরিতে অবদান রাখতে জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থায় আরও অর্থের যোগান দিতে হবে।
প্রয়োজনীয় কৌশলগত পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ এবং জাতিসংঘের উন্নয়ন ব্যবস্থার কর্মসূচিগুলোর সঠিক সমন্বয়ের মাধ্যমে এলডিসি দেশগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার দাবি জানান বাংলাদেশের প্রতিমন্ত্রী।
ইকোসক আয়োজিত এ অলোচনায় গত বছর সাধারণ পরিষদে গ্রহণ করা ‘কিউসিপিআর রেজুলেশনের’ বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের পাশাপাশি তানজানিয়া, মালদ্বীপ ও প্যারাগুয়ের প্রতিনিধি প্যানেল আলোচক হিসেবে এতে অংশ নেন।
