দেশে সৌরবিদ্যুতের বিপুল চাহিদা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে সৌর বিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে।
সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানিকে বিশেষ গুরুত্ব দিয়ে মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সোলার মডিউল ম্যানুফ্যাকচার্রাস এসোসিয়েশন অব বাংলাদেশ’র নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রতিমন্ত্রী একথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নসরুল হামিদ বলেন, এ শিল্পের বিকাশের জন্য মিরসরাই ও গাইবান্ধায় ২০০০ একর জমি নিয়ে সোলার পার্ক স্থাপনের পরিকল্পনা করেছে সরকার। নবায়নযোগ্য জ্বালানি সরকারের লক্ষ্য অর্জনের অন্যতম চাবিকাঠি। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে সৌরবিদ্যুৎ খাতের উন্নয়নে ও সম্প্রসারণে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
সোলার মডিউল ম্যানুফ্যাকচার্রাস এসোসিয়েশন অব বাংলাদেশ’র (এসএমএমএবি) সভাপতি মনোয়ার মেজবাহ মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাসটেইনেবল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি’র চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম শিকদার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোদ্দার, ইডকল’র প্রধান নির্বাহী মাহমুদ মালিক, এসএমএমএবি’র সাধারণ সম্পাদক গোলাম বাকি মাসুদ, সিনিয়র সহ-সভাপতি মসিউর রহমান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আনসার উদ্দিন, জিটিএস সোলার’র ব্যবস্থাপনা পরিচালক অ্যান্থনি হামিদ মৃধা ও মুজিবুর রহমান বক্তব্য রাখেন।
সৌর বিদ্যুৎ উৎপাদনে চাহিদার প্রায় দ্বিগুণ সোলার প্যানেল উৎপাদনের ক্ষমতা দেশীয় কোম্পানিগুলোর থাকলেও বিদেশ থেকে নিম্নমানের প্যানেল আমদানির কারণে এই শিল্প হুমকির মুখে পড়েছে বলে বক্তারা অভিযোগ করেন।
অবিলম্বে বিদেশি প্যানেল আমদানি বন্ধ বা নিয়ন্ত্রণের দাবি জানান তারা।
