২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাস পর বিমানে চড়বেন প্রধানমন্ত্রী

যাত্রাপথে ত্রুটিতে জরুরি অবতরণের তিন মাস পর আবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ভ্রমণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 08:49 PM

Updated : 11 Apr 2022, 11:06 PM

আগামী ৬ মার্চ তিন দিনের রাষ্ট্রীয় সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই সফরে তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থার উড়োজাহাজ ব্যবহার করবেন বলে বিমানের একজন কর্মকর্তা জানিয়েছেন।  

বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ৭৭৭-৩০০ মডেলের চার্টার্ড এয়ারক্রাফটে ঢাকা থেকে সরাসরি ইন্দোনেশিয়া যাবেন প্রধানমন্ত্রী।

তিনি ফিরবেনও বিমানের একটি ফ্লাইটে; ৮ মার্চ ঢাকা থেকে কুয়ালা লামপুরে যাওয়া কমার্শিয়াল ফ্লাইট ইন্দোনেশিয়ায় গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে সরাসরি দেশে ফিরবে।

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে।      

এর পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি হয়। তদন্তের ভিত্তিতে বিমানের নয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে মামলায় আসামি হয়ে কারাগারে যান তারা।

বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) এসএ সিদ্দিক, প্রধান প্রকৌশলী (মেনটেইনেন্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেনসহ ১১ জন এখন এই মামলায় কারাবন্দি।

ওই ঘটনার পর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসে এবং মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নিতে জার্মানি সফরে দুটি বিদেশি এয়ারলাইন্সে ভ্রমণ করেন প্রধানমন্ত্রী।