বিআইডিএস বিল সংসদে পাস
উন্নয়ন অর্থনীতি, জনসংখ্যা তথ্য ও অন্যান্য সামাজিক বিজ্ঞানসহ প্রাসঙ্গিক বিষয়ে গবেষণা, অনুসন্ধান ও জ্ঞান বিস্তারের জন্য একটি প্রতিষ্ঠান গঠন এবং সংশ্লিষ্ট বিষয়ে বিধান প্রণয়নের সুযোগ রেখে সংসদে ‘বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল-২০১৭’ পাস হয়েছে।
মঙ্গলবার বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
গত বছরের ডিসেম্বর মাসে বিলটি সংসদে উত্থাপনের পর পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
১৯৭৪ সালে এ সংক্রান্ত আইন জারি করা হয়। পরে ১৯৮৪ সালের সামরিক আমলে এর সংশোধন করা হয়। সামরিক আমলে জারি করা অধ্যাদেশটি বাতিল করে নতুন করে আইন করার জন্য বিলটি আনা হয়েছে।
১৯৫৭ সালে একটি আইনের বলে যাত্রা শুরু করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। তখন এর নাম ছিল পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকনোমিকস। স্বাধীনতার পর নাম হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকনোমিকস।
১৯৭৪ সালে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যাক্ট’ নামে নতুন আইন প্রণয়ন করা হয়। এর সংশোধন হয় ১৯৮৪ সালে সামরিক শাসনামলে।
২০১৫ সালের জানুয়ারি মাসে বিলটি মন্ত্রিপরিষদের অনুমোদন পায়।
আগের আইনের মতোই বিলে পরিকল্পনা মন্ত্রীকে বিআইডিএস বোর্ডের চেয়ারম্যান রাখা হয়েছে। বোর্ডের সদস্য সংখ্যা ১৩ জন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হবেন বোর্ড কর্তৃক নিযুক্ত মহাপরিচালক, যিনি তিন বছরের নিযুক্ত হবেন।
