২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিক-চালকদের গাড়ি চালাতে বললেন নৌমন্ত্রী

সারা দেশে দুই দিন ধরে পরিবহন ধর্মঘটে ব‌্যাপক জনভোগান্তির পর সরকারের ‘আশ্বাস পাওয়ার কথা’ জানিয়ে পরিবহন মালিক শ্রমিকদের যানবাহন চলাচল শুরুর আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 02:43 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

পুরনো খবর:

মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠকে দুই মন্ত্রী

বুধবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

নৌমন্ত্রী বলেন, “এখন থেকে যানবাহন চলাচলের জন‌্য মালিক ও শ্রমিক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আশা করছি, সারাদেশে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।”

শাজাহান খান ছাড়াও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়ত উল্লাহ উপস্থিত ছিলেন বৈঠকে।

মতিঝিলে এই বৈঠকের আগে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন শাজাহান, রাঙ্গা ও এনায়েত উল্লাহ। আইন মন্ত্রী আনিসুল হকও ছিলেন ওই বৈঠকে।

সংক্ষিপ্ত ওই বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, “ধর্মঘটের ফলে জনদুর্ভোগ হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। এ কারণেই এই বৈঠক। আমরা কথা বলেছি। তারা (পরিবহন মালিক সমিতি) আশ্বাস দিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আজকের মধ্যেই একটি সমাধান খুঁজে বের করবেন।”

সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুই চালকের সাজার রায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়।

মঙ্গলবারের মত বুধবারও দেশের সব জেলায় দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রাখেন চালকরা। ঢাকায় নগর পরিবহনের বাসও বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। ধর্মঘটের বৈধতা চ‌‌্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদনও করা হয়ে।

ওবায়দুল কাদেরের দপ্তরে বৈঠকের বিষয়টি তুলে ধরে মতিঝিলের সংবাদ সম্মেলনে শাজাহান খান বলেন, “মন্ত্রীদ্বয় মালিক-শ্রমিকদের সমস্যার বাস্তব উপলব্ধি করেছেন। তারা আমাদের আশ্বস্ত করেছেন, উদ্ভূত পরিস্থিতিতে আমরা আইনগতভাবে সমস্যা সমাধানে আগ্রসর হব। সেক্ষেত্রে সরকার আইনানুগ সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “মন্ত্রীদ্বয়ের আশ্বাসের প্রেক্ষিতে দেশের সকল সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের চলমান অচলাবস্থা নিরসনকল্পে যান চলাচলের জন্য অনুরোধ জানাচ্ছি।”