পরিবহন ধর্মঘটে জনভোগান্তি দ্বিতীয় দিনে
দুই চালকের সাজার প্রতিবাদে সারা দেশে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনে গড়িয়েছে।
আগের দিনের মত বুধবারও কোনো জেলা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়ছেন না চালকরা। রাজধানী ঢাকায় নগর পরিবহনের বাসেরও দেখা মিলছে না।
এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এসএসসি পরীক্ষার্থী, অফ্সিগামী যাত্রী আর নানা প্রয়োজনে রাস্তায় বের হওয়া সাধারণ মানুষকে।
রাস্তায় বেরিয়ে বাস না পেয়ে অনেকেই রিকশা, ভ্যান বা ছোট পিকআপে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক মানুষকে হেঁটেই রওনা হতে দেখা গেছে।
সারাদেশে জনদুর্ভোগের মধ্যে সরকারের কর্তাব্যক্তিরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে পরিবহন শ্রমিকদের আহ্বান জানালেও তাতে কোনো সাড়া দেখা যাচ্ছে না।
বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন দুই চালকের মুক্তির দাবিতে ধর্মঘট অব্যাহত রাখার কথা জানিয়েছে।
ঢাকার গাবতলীতে গাড়ি ভাঙতে বাধা পেয়ে সোমবার রাতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ধর্মঘটে থাকা পরিবহন শ্রমিকরা। বুধবার সকালেও সেখানে সংঘর্ষ হয় বলে খবর দিয়েছে একটি টেলিভিশন চ্যানেল।
দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাবতলীর পরিস্থিতি এখন একটু শান্ত। তবে কোনো যানবাহন চলাচল করছে না।”
