বইমেলায় নীতিমালা ভেঙে যুবলীগের সমাবেশ
নানা কারণে সমালোচনার মুখে থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ একুশের বইমেলায়ও নিয়ম ভেঙেছে।
বইমেলার শেষ দিন মঙ্গলবার নীতিমালা ভেঙে সমাবেশ করেছে যুবলীগ, তাতে সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ নেতাদের পাশাপাশি পুলিশপ্রধান এ কে এম শহীদুল হকও ছিলেন।
মেলার বাংলা একাডেমি অংশে ‘যুবজাগরণ’ নামে স্টল ছিল, যা যুবলীগের নেতা-কর্মীরাই পরিচালনা করে আসছিলেন।
মঙ্গলবার বিকালে বাংলা একাডেমির প্যাভিলিয়নের পাশেই ওই স্টলের সামনে সমাবেশ করেন যুবলীগের নেতা-কর্মীরা।
অমর একুশে গ্রন্থমেলা নীতিমালার ১৩ এর ২ (গ)অনুচ্ছেদে বলা আছে, কোনো স্টলের সামনে সভা-সমাবেশ করা যাবে না।
সরকার সমর্থক সংগঠনটির নীতি ভঙ্গের বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।
“কোনো ব্যক্তি বা সংগঠন মেলা চত্বরে সমাবেশ বা মানুষের চলাফেরা বিঘ্ন করে আলোচনা সভার আয়োজন করতে পারে না। এটি স্পষ্টত নিয়ম ভাঙ্গার সামিল। আমরা বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।”
এর আগে বইমেলার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে আফসোস করে তিনি বলেছিলেন, “বইমেলায় রাজনৈতিক বিবেচনাতেও আমাদের এমন কিছু স্টল দিতে হয়....”
যুবলীগের সমাবেশে আইজিপি শহীদুল হক বলেন, “যে যেখানে কাজ করেন না কেন, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। যুবজাগরণের এই প্রকাশনা থেকে বাংলাদেশের আগামী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে।”
এসময় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী আইজিপি শহীদুল হকসহ পুলিশের কর্মকর্তাদের হাতে যুবজাগরণের প্রকাশিত বই তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সভাপতিমণ্ডলীর সদস্য আহম্মেদ আল কবির, শহীদ সেরনিয়াবাত, মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
