২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার সেই এসপিকে খাগড়াছড়িতে নেওয়ায় আপত্তি

গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগে পুলিশের জড়িত থাকার প্রেক্ষাপটে গাইবান্ধার এসপি আশরাফুল ইসলামকে খাগড়াছড়িতে বদলি নিয়ে আপত্তি তুলেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 07:54 PM

Updated : 19 Aug 2022, 03:52 PM

কমিশন বলেছে, সরকারের এই সিদ্ধান্তের ফলে গাইবান্ধায় সংগঠিত ‘অনায্যতা ও সহিংসতা’ পার্বত্য চট্টগ্রামে স্থানান্তরিত হওয়ার ঝুঁকি সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

গত বছর গোবিন্দগঞ্জে চিনিকলের জমি থেকে উচ্ছেদের সময় সাঁওতালদের ঘরে পুলিশ অগ্নিসংযোগ করে বলে বিচার বিভাগীয় তদন্তে বেরিয়ে আসে। তখন জেলার এসপির দায়িত্বে ছিলেন আশরাফুল।

এরপর বছরের শেষ দিনে সুন্দরগঞ্জে সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের শিকার হলে সার্বিক প্রেক্ষাপটে গত ২৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসপি আশরাফুলকে খাগড়াছড়িতে বদলি করেন।

গাইবান্ধায় সাঁওতালদের উপর নির্যাতনের সময় জেলা পুলিশ সুপারের দায়িত্বে থাকা আশরাফুলকে নৃগোষ্ঠী অধ্যুষিত খাগড়াছড়ির মহালছড়ির এপিবিএন-৬ এর অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিশনের কো-চেয়ার সুলতানা কামাল ও এলসা স্টামাতোপৌলো স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চিঠিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম একটি বিশেষ অঞ্চল হিসাবে সেখানে সব ধর্মীয়, নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক সম্প্রদায়ের সমান অধিকারের প্রতি শ্রদ্ধাশীল ও সহমর্মী, সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাকে দায়িত্ব্ দেওয়া প্রয়োজন, যারা সেখানকার বহু জাতি ও সংস্কৃতির মানুষদের আস্থা তৈরি করতে পারবেন।

“কিন্তু যার বিরুদ্ধে সাঁওতাল জাতিগোষ্ঠীর পল্লীতে অগ্নিসংযোগে সম্পৃক্ততার অভিযোগ উচ্চ আদালতে প্রমাণিত হয়েছে, তাকে পার্বত্য চট্টগ্রামে পদায়ন করলে সেখানে তিনি কতটা সংবেদনশীলতা, সহমর্মিতা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে পার্বত্য চট্টগ্রাম কমিশনের যথেষ্ট সন্দেহ রয়েছে।”

অবিলম্বে এই পুলিশ কর্মকর্তাকে খাগড়াছড়ি থেকে প্রত্যাহার করতে পার্বত্য চট্টগ্রাম কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

স্পর্শকাতর পার্বত্যাঞ্চলে ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছেন সুলতানা কামাল ও এলসা স্টামাতোপৌলো।

পুরনো খবর:

গাইবান্ধার পুলিশ সুপারকে খাগড়াছড়িতে বদলি