হজযাত্রীদের প্রাক নিবন্ধনে অনিয়ম: তদন্ত করবে সংসদীয় কমিটি
হজযাত্রীদের প্রাক নিবন্ধনে ‘সিন্ডিকেট’ করার অভিযোগ খতিয়ে দেখবে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত একটি খবর আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জানান কমিটির সভাপতি বজলুল হক হারুন।
তিনি বলেন, “সিন্ডিকেটের যে অভিযোগ উঠেছে, সেটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এজন্য একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে।”
সংসদীয় কমিটির সভাপতির নেতৃত্বে এই ‘পর্যালোচনা’ কমিটির সদস্য এক এম আউয়াল (সাইদুর রহমান), আসলামুল হক, হাবিবুর রহমান মোল্লা রয়েছেন। এছাড়া ধর্মসচিব মো. আবদুল জলিল এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিবও এই কমিটিতে রয়েছেন।
মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়, হজের আইটি প্রতিষ্ঠানের অনলাইন সিস্টেমে ‘কারসাজির’ মাধ্যমে কিছু হজ এজেন্সিকে ডাটা এন্ট্রির সুযোগ দেওয়া হয়েছে। এতে পাঁচ শতাধিক হজ এজেন্সি সময়মতো তাদের যাত্রীদের প্রাক নিবন্ধন করতে পারেনি।
খবর অনুযায়ী, ৫৩৭টি হজ এজেন্সির মাধ্যমে প্রাক নিবন্ধন করেও ৫০ হাজার হজযাত্রী চলতি বছর হজে যেতে পারবেন না।
সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বজলুল হক হারুন বলেন, “কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। কোনো অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে না। মন্ত্রীকেও বলা হয়েছে, সংসদীয় কমিটির সাথে আলোচনা না করে যাতে হজ নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। মন্ত্রী একমত হয়েছেন।”
তিনি বলে, “এবার এক লাখ ৬৮ হাজার প্রাক নিবন্ধিত রয়েছে। এর মধ্যে ১ লাখ ২৭ হাজার হজে যেতে পারবেন। কিন্তু ইতোমধ্যে আরো ৫০ হাজারের বেশি নিবন্ধিত রয়েছেন, তাদের ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের নিউজ হচ্ছে।”
এসময় সংসদীয় কমিটির সদস্য আসলামুল হক বলেন, “অটোমেশনে নিবন্ধন হলেও হাব (বেসরকারি হজ এজেন্সিগুলোর সংগঠন) বলতে চাচ্ছে, যারা আগে টাকা জমা দেবে তারা আগে হজে যাওয়ার সুযোগ পাবে। আর যারা টাকা যারা পরে জমা দেবেন, তারা পরে নিবন্ধনের সুযোগ পাবেন।
“সরকারের নিয়ম অনুযায়ী, এ ধরনের কোনো সুযোগ নেই। আর যারা এখন পর্যন্ত নিবন্ধিত হতে পারেননি, তারা ভাবছেন এর মধ্যে দুর্নীতি হয়েছে।”
এবিষয়ে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছে জানিয়েছে আসলামুল বলেন, “অটোমেশনের মাধ্যমে নিবন্ধন সঠিক হচ্ছে কিনা- তা উপস্থানের জন্য বলা হয়েছে। আগামী বৈঠকে এ ব্যাপারে জানানো হবে। আর এটি উপস্থাপন করলে ফাইন্ড আউট করতে পারব নিবন্ধন সঠিক হচ্ছে কিনা।”
