দুই কারাবন্দির বিচার শেষ করতে ৩ মাস সময় দিল হাই কোর্ট
ফৌজদারি মামলায় এক দশকের বেশি সময় ধরে কারাবন্দি দুই বন্দির মামলা তিন মাসের মধ্যে শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
এই দুই আসামির মধ্যে আতাইকুলা পুষ্পপাড়ার বাসিন্দা মৃত আরজ আলীর ছেলে কাইলা কালাম (৪২) গত ১২ বছর ধরে একটি হত্যা মামলায় পাবনা কেন্দ্রীয় কারাগারে বন্দি।
আর নাটোরের সিংড়া থানার মুনারপাড়া নমিরুদ্দিনের ছেলে মো. আব্দুল খালেক অন্য একটি হত্যা মামলায় ১১ বছর ধরে কারাবন্দি।
২০০৫ সালে সিংড়া থানায় তার বিরুদ্ধে মামলা হয়। এ পর্যন্ত ১৩৪ বার নাটোর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে তাকে।
ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন কারাগারে ফৌজদারি মামলায় ১০ থেকে ১৮ বছর ধরে কারাবন্দি দশ আসামির তথ্য গত ৫ ফেব্রুয়ারি হাই কোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী আনিচ উল মাওয়া।
পরে ৭ ফেব্রুয়ারি হাই কোর্ট ১০ জনের জামিন প্রশ্নে রুল দেয়। কেন তাদের জামিন দেওয়া হবে না- রুলে তা জানতে চায় আদালত।
সেদিন হাই কোর্ট এই কারাবন্দিদের মামলার নথি তলবের পাশাপাশি পাঁচজনকে ২৬ ফেব্রুয়ারি এবং বাকিদের ২৮ ফেব্রুয়ারি আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।
সেই আদেশে মঙ্গলবার পাঁচ কারাবন্দির মধ্যে চারজনকে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। পরে শুনানি নিয়ে আদালত আদেশ দেয়।
আইনজীবী আনিচ উল মাওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার কারাবন্দির মধ্যে সৈয়দ শেখ ইতোমধ্যে বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন। আর বিচারিক আদালতে যাবজ্জীবন সাজা হয়েছে মো. সুমনের।
অপর কারাবন্দি অপূর্ব দাসের বিষয়ে আদালত বুধবার আদেশ দেবে। তিনি বাঘারপাড়া আলাদিপুরের বাসিন্দা কাঙ্গালী দাসের ছেলে।
তার বিরুদ্ধে ২০০৫ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়। এ পর্যন্ত ১২৬ বার তাকে আদালতে হাজিরা করা হয়েছে।
