প্রতিবন্ধী ক্রিকেটে ‘প্রতিভা অন্বেষণ’
শারিরীক প্রতিবন্ধীদের মধ্যে থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে নিতে যৌথ কর্মসূচির ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আন্তর্জাতিক রেডক্রস কমিটি ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
আগামী ৮ মার্চ সকাল ৯টা থেকে ১২টা সাভারের জিরানিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রতিবন্ধীদের এই ‘প্রতিভা অন্বেষণ’ কর্মসূচিতে সেরা ২০ জনকে বাছাই করা হবে।
এরপর তাদের নিয়ে হবে তিনদিনের প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে সেখান থেকে বাছাই করা ১০ জনকে রাখা হবে প্রতিবন্ধী ক্রিকেটারদের ক্যাম্পে।
ছয় থেকে আট সপ্তাহের ওই ক্যাম্পে আগের দুই দফায় বাছাই করা ২৯ প্রতিবন্ধী ক্রিকেটারও অংশ নেবেন। ক্যাম্প থেকে চূড়ান্ত করা হবে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল।
তৃতীয় এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে অংশ নিতে রোববার থেকে নিবন্ধন শুরু হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
এক কপি পাসপোর্ট সাইজ ছবি, পরিচয়পত্র বা জন্মসনদের ফটোকপি নিয়ে যে কোনো প্রতিবন্ধী সাভারের বিকেএসপিতে নিবন্ধন করতে পারবেন।
মোবাইলেও নিবন্ধন করা যাবে। ৪ মার্চ পর্যন্ত যে কোনো মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে নাম, বয়স ও জেলা লিখে পাঠাতে হবে ০১৭০৯৬৩৭২৫৫ নম্বরে। ফিরতি এসএমএসে নিবন্ধন নম্বর জানিয়ে দেয়া হবে।
দৃশ্যমান কোনো শারিরীক প্রতিবন্ধকতা থাকলে এবং ক্রিকেট সম্পর্কে জানলে ও ভাল খেলতে পারলে যে কেউ প্রাথমিক বাছাইয়ে অংশ নিতে পারবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
তবে বুদ্ধিপ্রতিবন্ধী, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী, মাইনর অ্যামপুটেশন, হাড়ভাঙা ও হুইল চেয়ার ব্যবহারকারীদের নিবন্ধন করতে নিরুৎসাহিত করা হয়েছে।
বাংলাদেশে প্রতিবন্ধী ক্রিকেটের যাত্রা শুরু হয় ২০১৩ সালে। ওই বছর রেডক্রস পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন নিয়ে কাজ করা সিআরপিকে (সেন্টার ফর দ্য রিহ্যাবিলেটেশন অফ দ্য প্যারালাইজড) একটি ক্রিকেটদল গড়তে সহায়তা দেয়।
একই বছর প্রতিবন্ধীদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে রেডক্রস। এছাড়া সিআরপির প্রতিবন্ধী ক্রিকেট দল ওই বছরের ১৭ থেকে ২০ মার্চ ভারতের ডিজ্যাবলড স্পোর্টিং সোসাইটি (ডিএসএস) দলের বিরুদ্ধে তিন দিনের একটি টুর্নামেন্টে অংশ নেয়।
রেডক্রস কর্তৃপক্ষ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), প্যারা অলিম্পিকস, স্পেশাল অলিম্পিকস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সঙ্গে নিয়ে ওই বছরের নভেম্বরে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
বিসিবি, ব্রিটিশ হাই কমিশন এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ওই আয়োজনে সহায়তা দেয়।
পরের বছরের ফেব্রুয়ারিতে পিডিএফ এবং সিআরপির তত্ত্বাবধানে থাকা পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী ক্রিকেটারদের উপযোগী খেলার সরঞ্জাম দেয় আন্তর্জাতিক রেডক্রস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট অংশ নেওয়ার লক্ষ্যে এরপর শুরু হয় প্রতিবন্ধী ক্রিকেটদল গড়ার কাজ।
রেডক্রসের সহযোগিতায় ওই বছরের মার্চে প্রথমবারের মত ‘ট্যালেন্ট হান্ট ক্যাম্প’ হয়। ক্যাম্পে আসা ১৪৯ জন প্রতিবন্ধীর মধ্যে থেকে প্রাথমিকভাবে ২৬ জনকে নির্বাচন করা হয়।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে ২০১৫ সালে ঢাকায় বসে প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর, যাতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান অংশ নেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ওই টুর্নামেন্টের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ ছিলেন। মিডিয়া পার্টনার ছিল দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
২০১৬ সালে দুবাইয়ে আরেকটি টুর্নামেন্টের আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানেও বাংলাদেশ দলকে সহযোগিতা দেয় আইসিআরসি। ওই টুর্নামেন্টের আগে দ্বিতীয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি হয়।
