২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিয়ালদের গল্প নিয়ে ‘প্রীত রেজার মুখোমুখি’

কেউ দূর দেশ থেকে এসে তুলেছেন গ্রামীণ নারীর ছবি, কেউ ছিলেন আফগানিস্তান-ইরাকের রণাঙ্গনে, কারও কারও ছবিতে উঠে এসেছে ছোট্ট কুঠুরি থেকে হোয়াইট হাউজের নানা অনুষঙ্গ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2017, 04:23 PM

Updated : 11 Oct 2022, 01:31 PM

ছবি তোলার এই কারিগরদের জীবনের গল্প দুই মলাটের ভেতরে তুলে এনেছে বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড।

সাক্ষাৎকারের আদলে সাজানো বই ‘প্রীত রেজার মুখোমুখি’-তে বিশ্ববরেণ্য ১৬ জন চিত্রগ্রাহক-শিল্পী কথা বলেছেন আলোকচিত্রী প্রীত রেজার সঙ্গে; জানিয়েছেন ছবি নিয়ে তাদের ভাবনা, দর্শন।

বাদ পড়েনি বৈচিত্র্যে ভরপুর জীবনের গল্পও।

এরই একটি জুয়েল সামাদের, অষ্টম শ্রেণীতে পড়ার সময় বাবাকে হারিয়ে যিনি দেখা পান এক ভিন্ন পৃথিবীর।

টানাটানির সংসারে ১৯৯৩ সালে এসএসসি পরীক্ষা দেয়ার পর পরিবারের দায়িত্ব আর পড়াশোনার খরচ মেটাতে শুরু করেন খণ্ডকালীন ফটোগ্রাফি।

ভর্তি হন মর্নিং সানের ‘ডার্করুমে’। শিখতে থাকেন ‘ফটোগ্রাফির অ আ ক খ’।

দুই যুগের সাংবাদিকতা জীবনে সেই সামাদের ভাণ্ডার যেন অভিজ্ঞতার ঝুলি।

‘কাভার করেছেন’ আফগান যুদ্ধ, ইরাক যুদ্ধ, সুনামি পরবর্তী ইন্দোনেশিয়া। প্রথম বাংলাদেশি তো বটেই, প্রথম এশিয়ান হিসেবে সুযোগ পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বহরে থেকে ছবি তোলার। তুলেছেন ফুটবল বিশ্বকাপ, অলিম্পিক আসরেরও ছবি।

মুহূর্তকে আলোর কারিকুরিতে স্থায়ী করে রাখা সামাদ আশাবাদী বাংলাদেশের পরবর্তী আলোকচিত্রীদের নিয়েও। বলছেন, হাল আমলের ফটোগ্রাফাররা প্রামাণ্যচিত্রভিত্তিক কাজে ‘বেশ ভাল করছে’।

অবশ্য সে তুলনায় পত্রিকার চিত্রগ্রহণে খুব বেশি উন্নতি হয়নি, মন্তব্য তার।

অন্যরকম গল্প কিংবদন্তি আলোকচিত্রী আনোয়ার হোসেনের।

১৯৪৮ সালে জন্ম নেওয়া আনোয়ারের বাল্যকালে নেশা ছিল ছবি আঁকার। কৈশোর পেরোনোর আগেই ছবি এঁকে মিলেছিল দুই দুইটা জাতীয় পুরস্কারও।

‘ছবি আঁকলে না খেয়ে থাকতে হবে’ পরিবারের বড়দের এমন ধারণায় এসএসসির বছরই বলি হয় ‘আঁকাআঁকি’।

এসএসসিতে ‘বোর্ড স্ট্যান্ড’ করা আনোয়ার নটরডেম কলেজে পড়তে গিয়ে ‘পরিবারের সদস্যদের সঙ্গে যুদ্ধ করে’ ৩০ টাকায় বন্ধুর কাছ থেকে কেনেন ক্যামেরা। অল্পদিনেই ছবি তুলে পেয়ে যান জাতীয় পুরস্কার।

পরিবারের ইচ্ছায় একসময় স্থাপত্যবিদ্যা পড়লেও পরে সিদ্ধান্ত নেন পেশাগত আলোকচিত্রী হওয়ার।

যেই ভাবা সেই কাজ। কয়েক দশকের ‘ফটোগ্রাফি জীবন’ পেরিয়ে আজও স্থির একই দর্শনে।

বলেন, দামি ক্যামেরা আসলে বাহুল্য ছাড়া কিছুই নয়।

“তোমার যদি দেখার চোখ থাকে, তাহলে ছোট্ট একটা ক্যামেরা দিয়েও মুহূর্তটা ফ্রেমে বন্দি করে রাখতে পার। আর যত বড় ক্যামেরা কিংবা গিয়ার থাকবে ততই সাধারণ মানুষের সঙ্গে তোমার একটা দূরত্ব তৈরি হবে, যা এই পেশার ক্ষেত্রে কখনই কাম্য নয়।”

‘প্রীত রেজার মুখোমুখি’তে পাওয়া যাবে রেঞ্জ ফাইন্ডার ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ জ্যাক্যুলিন টোবিনকেও। এটিএন নিউজের ‘ডার্করুম’ অনুষ্ঠান নিয়েও অবাক টোবিন বলছেন, পৃথিবীর আর কোনো দেশের টেলিভিশনে আলোকচিত্র নিয়ে এই ধরনের অনুষ্ঠান হওয়ার কথা জানা নেই তার।

বইয়ে আরও আছে ‘চিরকাল বেঁচে থাকতে চাওয়া’ নরম্যান লেসলি’র জীবন কাহিনী, যিনি তার সৃষ্টিকর্মেই টিকে থাকবেন অনেকদিন। রয়েছে নাসির আলী মামুনের গল্প, যাকে কবি শামসুর রাহমান বলেছিলেন ‘ক্যামেরার কবি’।

বইটিতে মিলবে পিটার হার্লে, শফিকুল আলম কিরণ, শহিদুল আলম, শিহাব উদ্দিন, শেখ এনামুল হক, সাইফুল হক অমি, সাঈদা খানম, সি জে ক্লার্ক, হাসান সাইফু্দ্দীন চন্দন ও হাবিস জাকারিয়ার কথাও।

‘ছবিয়াল’দের এত এত গল্প যিনি কলমের ক্যামেরায় তুলে এনেছেন সেই প্রীত রেজা নিজেও তরুণ আলোকচিত্রীদের মধ্যে জনপ্রিয়।

এক সময় ক্যামেরা ছাড়াই গিয়েছিলেন ফটোগ্রাফির প্রশিক্ষণ নিতে, এরপর যুগ পেরিয়ে উল্টে ফেলেছেন জীবনের পাতা। বাংলাদেশে ওয়েডিং ফটোগ্রাফিকে তিনি নিয়ে গেছেন অন্য উচ্চতায়।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রফেশনাল ফেলো মুহাম্মদ জাহিদ রেজা (প্রীত) কাজ করেছেন বিভিন্ন পত্রিকায়, ফটো এডিটরও ছিলেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানে।

এটিএন নিউজে দেশের একমাত্র ফটোগ্রাফিনির্ভর লাইভ টিভি শো ‘ডার্করুম’ উপস্থাপনা করেন তিনি। ওই ডার্করুমে বসেই বিখ্যাত সব ফটোগ্রাফারদের সাথে কথা বলেছেন তিনি। সেখান থেকে কিছু গল্পেরই লিখিত রূপ ‘প্রীত রেজার মুখোমুখি’।

বইটির দাম রাখা হয়েছে ৪১৫ টাকা।