২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাওয়ার জন্য উপরে উঠে পুড়ে মৃত্যু ইসলামবাগের ৩ জনের

পুরান ঢাকার ইসলামবাগে আগুনে পুড়ে একই পরিবারের যে তিনজন নিহত হয়েছেন, তারা খাওয়ার জন্য নিচতলার কারখানা থেকে উপরে উঠে আর নামতে পারেননি বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2017, 10:39 PM

Updated : 11 Oct 2022, 01:31 PM

পুরনো খবর:

ইসলামবাগে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু

ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকার ওই প্লাস্টিক কারখানায় শনিবার বিকালে আগুনে নিহত শামীম মিয়া  (৩৫), তার স্ত্রী সীমা বেগম (২৭) ও শামীমের চাচাতো বোন সাহেলার  (১২) বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায়।

নিচতলার কারখানার উপরেই থাকত শামীমের পরিবার। নিচতলায় কাজ আর উপরে বসবাস, এভাবেই চলত তাদের সংসার।

পুলিশের চকবাজার জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার কানিজ ফাতেমা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার কিছুক্ষণ আগে নিচতলার প্লাস্টিক কারখানা থেকে তারা উপরে খেতে উঠেছিলেন বলে অন্য শ্রমিকরা জানিয়েছেন।

এই ভবনে আগুন লাগার পর তা আশপাশের আরও অন্তত দশটি ঘরে ছড়িয়ে পড়ে জানিয়ে তিন বলেন, “প্রতিটি ঘরের বাসিন্দারাই  বের হয়ে এসেছিলেন, কিন্তু এই তিনজন যে কেন বের হতে পারলেন না তা বোধগম্য নয়।”

শামীমের দুই শিশু সন্তান ঘটনার সময় বাইরে থাকায় তারা প্রাণে বেঁচে গেছেন।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। পরে রাতে ভবনগুলোতে ঢুকে কারখানা ভবনের সিঁড়িতে তিনজনের লাশ পাওয়া যায়।

ফায়ার ব্রিগেডের ঢাকা বিভাগের উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস জানান,  অপরিকল্পিতভাবে তৈরি এসব ভবনের কোনো কোনো অংশে দোতালা পর্যন্ত পাকা সিঁড়ি, ছাদ রয়েছে। এর উপরে টিন-কাঠ দিয়ে আরও তিন-চার তলা করা হয়েছে। প্রায় সব ভবনের উপরের অংশ পুড়ে দোতলায় ঠেকেছে।