দ্বৈত শাসন: বিচারক নিয়োগ-বদলির অনুচ্ছেদ নিয়ে রুল
উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত সংবিধানের ৯৫ অনুচ্ছেদ ও নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলা সংক্রান্ত ১১৬ অনুচ্ছেদসহ সংবিধানের পাঁচটি অনুচ্ছেদের অংশবিশেষ ‘কেন অবৈধ ঘোষণা করো হবে না’- তা সরকারের কাছে জানতে চেয়েছে হাই কোর্ট।
স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
এক আইনজীবীর করার রিট আবেদনের ওপর দীর্ঘ শুনানির পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করে।
বিচারাঙ্গনে ‘দ্বৈত শাসনের’ বিষয়টি প্রধান বিচারপতি সামনে আনার পর নানামুখী আলোচনার মধ্যে সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে দুই দফায় আনা সংশোধনী চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ গত ৩ নভেম্বর এই রিট আবেদন করেন।
আদেশের পর ইউনুছ আলী বলেন, সংবিধানের ৪৮ (৩), ৯৫ (২) (খ), ৯৮, ১১৫, ১১৬ এবং ১১৬ (ক) অনুচ্ছেদ কেন অবৈধ ও সংবিধানের ২২, ১০৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করো হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।
এছাড়া ৪৮ (৩) অনুচ্ছেদে নিয়োগ সংক্রান্ত বিধানে ‘প্রধানমন্ত্রী’ ও ‘প্রধান বিচারপতি’র পর ‘অন্যান্য বিচারক’ ও ‘অতিরিক্ত বিচারক’ শব্দ দুটি যুক্ত করে সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
ইউনুছ আলী বলেন, ৪৮ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পরামর্শ ছাড়াই প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দেন। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির পাশাপাশি অন্যান্য বিচারক ও অতিরিক্ত বিচারকও পরামর্শ ছাড়া নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
“তাই আদালত রুল দিয়ে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির পর ‘অন্যান্য বিচারক’ ও ‘অতিরিক্ত বিচারক’ শব্দ দুটি যুক্ত করতে এ অনুচ্ছেদটি সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়েছে।”
>> ৪৮ (৩) অনুচ্ছেদ: সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী এবং ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতি তার অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। তবে শর্ত থাকে যে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কি না অথবা কী পরামর্শ দিয়েছেন, কোনো আদালত সে বিষয়ে কোনো প্রশ্নের তদন্ত করতে পারবে না।
>> ৯৫ এর ১ অনুচ্ছেদ: রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ করবেন।
>> ৯৫ এর ২ (বি) অনুচ্ছেদ: বাংলাদেশে ন্যূনতম দশ বছর কোনো বিচার বিভাগীয় পদে দায়িত্ব পালন না করলে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য হওয়া যাবে না।
>> ৯৮ অনুচ্ছেদ: রাষ্ট্রপতি কোনো বিভাগের বিচারক সংখ্যা সাময়িকভাবে বৃদ্ধি করা উচিত বলে মনে করলে তিনি যথাযথ যোগ্যতাসম্পন্ন এক বা একাধিক ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক নিযুক্ত করিতে পারবেন, কিংবা তিনি উপযুক্ত বিবেচনা করলে হাই কোর্ট বিভাগের কোনো বিচারককে যে কোনো অস্থায়ী মেয়াদের জন্য আপিল বিভাগে আসন গ্রহণের ব্যবস্থা করতে পারবেন। তবে শর্ত থাকে যে, অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হতে কিংবা আরও এক মেয়াদের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হতে এ অনুচ্ছেদের কোনো কিছুই নিবৃত্ত করবে না।
>> ১১৫ অনুচ্ছেদ: বিচারবিভাগীয় পদে বা বিচারবিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে বিধি অনুযায়ী নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
>> ১১৬ অনুচ্ছেদ: বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচারবিভাগীয় দায়িত্বপালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তা প্রযুক্ত হবে।
এই রিট আবেদনে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় আনা চতুর্থ সংশোধনী এবং ২০১১ সালে শেখ হাসিনার সময়ে করা পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের ৯৫ এর ১ ও ২ এর বি এবং ১১৬ অনুচ্ছেদে আনা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করেছেন ইউনুছ আলী।
আদেশের পর তিনি বলেন, “এই ধারাগুলো বাহাত্তরের সংবিধানে এভাবে ছিল না। পরে দুই দফায় সংশোধন করে বর্তমান ধারাগুলো যুক্ত করা হয়েছে যা, সংবিধানের ১০৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
>> ১০৯ অনুচ্ছেদ: হাই কোর্ট বিভাগের অধঃস্তন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ-ক্ষমতা থাকবে।
ইউনুছ আলী বলেন, “দেড় মাস ধরে শুনানির পর বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে আদালত আজ রুল দিয়েছে।”
ইউনুছ আলীর ভাষ্য, বাহাত্তরের মূল সংবিধানে ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতের পূর্ণাঙ্গ দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের হাতে। কিন্তু ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীতে সুপ্রিম কোর্টের পরিবর্তে ওই ক্ষমতা দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
এছাড়া সংবিধানের ৯৫ অনুচ্ছেদে আইন তৈরি সাপেক্ষে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধান থাকলেও সংসদে কোনো আইন ছাড়াই ৪৫ বছর ধরে বিচারক নিয়োগ দিয়ে আসাও ‘সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ দাবি করে এই ধারা বাতিল চাওয়া হয়েছে তার আবেদনে।
আদালতের রুল নিয়ে পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ইউনুস আলী আকন্দ তার রিটে চতুর্থ সংশোধনী চ্যালেঞ্জ করেছেন। ওই সংশোধনীতে সংবিধানের ৯৫ ও ১১৫ অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল।
“৯৫ তে আগে ছিল অ্যাডিশনাল জাজদেরও নিয়োগ করা হবে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে। চতুর্থ সংশোধনীতে ‘পরামর্শক্রমে’ শব্দটা বাদ দেওয়া হয়েছে। এটাকে উনি অবৈধ ঘোষণার দাবি করেছেন। আর ১১৫ অনুচ্ছেদ চতুর্থ সংশোধনীর মাধ্যমে টোটাল পাওয়ারটা রাষ্ট্রপতির হাতে নিয়ে নেওয়া হয়েছে। এটাকে উনি চ্যালেঞ্জ করেছেন।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “মোদ্দা কথা হলো, আকন্দ সাহেব রিট পিটিশনে প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধির কথা বলতে চেয়েছেন।... প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে নিয়োগ করার যে বিধানগুলো ছি,ল যা চতুর্থ সংশোধনীতে বাদ দেওয়া হয়েছে, ওই বাদ দেওয়াটাকেই উনি অবৈধ বলে ঘোষণা চান।”
এক প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, “রুল দেওয়াটা আদালতের বিষয়। কিন্তু প্রজাতন্ত্র চলছে এবং আমাদের সংবিধানের উপরে শাসনতন্ত্রের সবচেয়ে বড় আঘাত এসেছে সামরিক ফরমান দ্বারা পঞ্চম সংশোধনীর মাধ্যমে। এগুলো থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন বিচার বিভাগ তার দায়িত্ব পালন করছে এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের যে বিধান তা পুনস্থাপন হয়েছে। এই মুহূর্তে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে নেওয়েই বড় কথা।”
বিচার বিভাগ পৃথকীকরণের নয় বছর পূর্তি উপলক্ষে গতবছর ৩১ অক্টোবর এক বাণীতে প্রধান বিচারপতি ১১৬ অনুচ্ছেদকে বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন।
তিনি বলেন, “দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্য পদে সময়মত বিচারক নিয়োগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এতে বিচার কাজে বিঘ্ন ঘটে এবং বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি বেড়ে যায়।”
১৯৭২ সালের সংবিধানে ১১৬ অনুচ্ছেদে বলা ছিল, বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচারবিভাগীয় দায়িত্বপালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৭২ এর সংবিধানের চার মূলনীতি ফিরিয়ে আনে। কিন্তু ১১৬ অনুচ্ছেদে বাহাত্তরের বিধান আর ফেরেনি; অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলির ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই থেকে গেছে।
এই প্রেক্ষাপটে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুনঃপ্রবর্তন করা ‘সময়ের দাবি’ বলে মত দেন প্রধান বিচারপতি।
