মাদক বিক্রেতাদের ছবি ফলাও করে দেখান: আমু
মাদক বিক্রেতাদের ছবি ফলাও করে দেখাতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে এই আহ্বান জানান তিনি।
শিল্পমন্ত্রী আমু এই কমিটির সভাপতি। কমিটির এদিনের বৈঠকে মাদক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সংস্থা মাদক নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে তা সফলে গণমাধ্যমের সহায়তা চান আমু।
তিনি জানান, গত জানুয়ারি মাসে মাদক সংক্রান্ত ৬ হাজার ৮০৬টি মামলা হয়েছে সারাদেশে। গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৬১ জনকে।
সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনাও দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
আমু বলেন, “সড়ক-মহাসড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা নিয়ন্ত্রণ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, উদঘাটন করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”
পেশাদার সন্ত্রাসী ও দস্যুদের বিশেষ নজরদারিতে আনার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
