২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীকে এখনও বোঝা মনে করা হয়: ফরাসি রাষ্ট্রদূত

বাংলাদেশে পরিবার ও সমাজে নারীরা প্রতিনিয়ত অবদান রাখলেও অনেকেই তাদের বোঝা মনে করেন বলে ঢাকায় ফরাসি রাষ্ট্রদূত সোফি অবারের কাছে ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2017, 10:44 PM

Updated : 19 Aug 2022, 03:49 PM

বুধবার গুলশানের একটি হোটেলে খান ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন এবং নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে তিনি তার পর্যবেক্ষণ তুলে ধরেন।

তিনি বলেন, “বাংলাদেশের দীর্ঘস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে জলবায়ু পরিবর্তন। নারীরা পরিবার ও সমাজে প্রতিনিয়তই কাজ করেই যাচ্ছেন, অবদান রেখেই যাচ্ছেন। কিন্তু তারপরও তাদেরকে অনেকেই বোঝা মনে করেন।”

নারী উন্নয়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার পরিকল্পনা করা দরকার বলে মত জানিয়ে তাতে ফ্রান্সের সহায়তার প্রতিশ্রুতি দেন সোফি অবার।

এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন খান ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. সালেমুল হক। 

এতে মরক্কোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে ‘কপ-২২’ এর আলোকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে চ্যালেঞ্জ ও প্রতিকারের বিষয়গুলো তুলে ধরা হয়। 

খান ফাউন্ডেশন ও দ্য এশিয়া প্যাসিফিক রিসোর্স অ‌্যান্ড রিসার্চ সেন্টার ফল উইম্যান (এআরআরওডাব্লিউ) যৌথভাবে বাংলাদেশে নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের উপর কাজ করছে।

খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনামন্ত্রী আবদুল মঈন খান।

তিনি বলেন, “প্যারিস চুক্তি বাস্তবায়নের ফলে আমরা কয়েক বছরের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অনেক কিছু করবে বলে আমি বিশ্বাস করি।

“বিশ্বের উন্নত দেশের জন্য জলবায়ুর প্রভাব মোকাবেলা হয়ত ততটা কঠিন হবে না, কিন্তু আমাদের মতো দেশের জন্য তা কঠিন হবে অর্থের অভাবে। সেজন্য উন্নত দেশগুলোকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।”

জলবায়ু পরিবর্তন নিয়ে একটি আলাদা মন্ত্রণালয় গঠন প্রয়োজন বলেও মন্তব্য করে সাবেক এই মন্ত্রী।

অনুষ্ঠানে কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করীম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক হামিদুল হক, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক মিজান আর খান বক্তব্য রাখেন।

ব্রাক, টিআইবি, আইওএ, বিসিএএস, রূপান্তরসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা তাদের মতামত তু্লে ধরেন অনুষ্ঠানে।