২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ৩ কেজি সোনাসহ দুজন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি সোনাসহ দুইজনকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2017, 05:14 PM

Updated : 19 Aug 2022, 03:49 PM

আটকরা হলেন- মামুন হোসাইন (৩১) ও মোসলেম উদ্দিন (৩১)।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল মঙ্গলবার রাত ও সকালে আলাদা দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানান কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচএম আহসান কবির।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় মামুন মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারলাইন্সের ওডি ১৬২ নম্বর ফ্লাইটে ঢাকায় আসেন। গ্রিন চ্যানেল এ তল্লাশির সময় শুল্কযোগ্য পণ্য আনার কথা অস্বীকার করলে তার সঙ্গে থাকা চার্জার লাইটের ব্যাটারি স্ক্যান করা হয়।

এসময় তিনটি চার্জার ব্যাটারির মধ্যে থেকে ছয়টি করে মোট ১৮টি সোনার বার উদ্ধার করা হয়।

এক কেজি ৮০০ গ্রাম ওজনের এসব সোনার বারের মূল্য প্রায় মূল্য ৯০ লাখ টাকা বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

আহসান কবির বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স ০৭২৪ জাহাজে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা একটি ফ্লাইটে শাহজালালে নামেন মোসলেম।

তিনি চট্টগ্রাম থেকে এয়ারক্রাফটটিতে উঠে আটটি সোনার বার নিজের রেক্ট্রামে এ প্রবেশ করান। ঢাকায় উড়োজাহাজ থেকে নামার পর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে সোনা বহনের কথা অস্বীকার করেন মোসলেম। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে এক্সরে করলে সোনার অস্তিত্ব পাওয়া যায়।

পরবর্তীতে বিমানবন্দরের টয়লেটে নিয়ে ৯২৮ গ্রাম ওজনের আটটি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক দাম ৪৬ লাখ টাকা।

আটক দুজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তা আহসান কবির।