যৌতুকের মামলায় বিটিভির প্রযোজক কারাগারে
যৌতুকের মামলায় বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক জাহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
স্ত্রী শামসুন্নাহারের করা মামলায় সোমবার গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায়।
মহানগর হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম বিটিভির এই কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গুলশান থানার ওসি মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, জাহিদুল ইসলামের বিরুদ্ধে তার স্ত্রী ঢাকার আদালতে যৌতুকের মামলা করেন। পরে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহিদুল ইসলামের পক্ষে জামিনের আবেদন জানানো হয়েছে। বুধবার তার শুনানির দিন ধার্য হয়েছে।
