২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনির্দিষ্ট অভিযোগ না পেলে গ্রেপ্তার করি না: বাবুলকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রী খুন হওয়ার পর পুলিশের চাকরি ছেড়ে আসা সাবেক এসপি বাবুল আক্তারকে নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ না আসা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2017, 12:49 AM

Updated : 11 Oct 2022, 01:29 PM

পুরনো খবর:

এখন বাবুল আক্তারকেই সন্দেহ শ্বশুরের
বাবুলের স্ত্রী মিতুর ফোনটি এখনও ‘সচল’

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ের আদর্শ স্কুল অ‌্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

গত বছর জুনে চট্টগ্রামে প্রকাশ‌্যে বাবুলের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে কুপিয়ে ও গুলি করে হত‌্যা করে সন্ত্রাসীরা।

এ হত‌্যাকাণ্ডের জন‌্য প্রথমে জঙ্গিদের সন্দেহ করা হলেও কয়েকজনকে গ্রেপ্তারের পর ‘সব দিক বিবেচনায়’ নিয়ে তদন্তের কথা জানায় পুলিশ।

এরপর এক রাতে ঢাকায় বাবুলের শ্বশুরবাড়ি থেকে তাকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে টানা ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছাড়ে পুলিশ। সে সময় বাবুল চাকরি থেকে পদত‌্যাগ করেছেন বলে খবর ছড়ালেও বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ কর্তৃপক্ষ।

কয়েক মাস পরে স্বরাষ্ট্রমন্ত্রী বাবুলের অব‌্যাহতির আবেদন গৃহীত হওয়ার কথা জানান।

সম্প্রতি বাবুলের বিরুদ্ধে দুই বছর আগে এক এসআই ‘হত‌্যার’ অভিযোগ উঠেছে।

২০১৪ সালের শেষ দিকে ঝিনাইদহে ‘সড়ক দুর্ঘটনায়’ নিহত এসআই আকরাম হোসেন লিটনকে ‘পরকীয়ার’ জন‌্য বাবুলের পরিকল্পনায় হত‌্যা করা হয় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

শুক্রবার ঝিনাইদহে সংবাদ সম্মেলন করে আকরামের পাঁচ বোন অভিযোগ করেন, তার ভাইয়ের স্ত্রী হাবিবা বিনতে বসির বর্ণির সঙ্গে সম্পর্ক ছিল বাবুল আক্তারের। সে কারণেই বাবুলের পরিকল্পনায় ষড়যন্ত্র করে তাকে হত‌্যা করা হয়েছে।

Image
বাবুল আক্তার (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

বাবুল আক্তার (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

পুলিশের বিশেষ শাখার ওই এসআইয়ের মৃত‌্যুর তদন্ত এবং ‘দোষীদের’ শাস্তির দাবি জানান তারা।

এ প্রেক্ষাপটে শনিবার তেজগাঁওয়ের অনুষ্ঠানে বাবুলকে গ্রেপ্তার করা হবে কি না সে প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী।

জবাবে তিনি বলেন, “সুনির্দিষ্টভাবে আমাদের কাছে যতক্ষণ কোনো অভিযোগ না আসে তখন পর্যন্ত আমরা কাউকে গ্রেপ্তার করি না।

“সুনির্দিষ্ট অভিযোগ আসলে তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে থাকি। এবং আমরা কাউকে ছাড় দিচ্ছি না-সে পুলিশ অফিসার হোক কিংবা সামরিক অফিসার হোক কিংবা সমাজের উচ্চ পর্যায়ের মানুষ হয়ে থাকুক কিংবা রাজনীতিবিদ হয়ে থাকুক।”

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অপরাধে জড়িত হলে তারও শাস্তি হচ্ছে মন্তব‌্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সব সময় বলছি, কেউ আইনের ঊর্ধ্বে নয়।”