ফাগুনের বিকালে তারুণ্যের জোয়ার বইমেলায়
ঝরা পাতার দিন থেকে বাংলা পঞ্জিকার পাতার হিসাবে দিন গড়িয়ে বসন্তে আসা একুশে বইমেলায় ক্রেতা-দর্শনার্থীদের মধ্যে বাড়ছে সবুজ প্রাণের সমারোহ; যতই দিন যাচ্ছে, মেলায় ততই বাড়ছে তরুণদের আনাগোনা।
শনিবার ফাগুনের বিকালে তরুণদের বেশ কয়েকটি দল দেখা গেল বইমেলায়; বাসন্তী-বসনা এক তরুণীও খুঁজে বেড়াল প্রিয় বই। আর মধ্যবয়সীদের দেখা যায় যথারীতি নিরীক্ষায় নামতে।
সপ্তাহের প্রথম দিন, স্কুল-কলেজ বন্ধ। সকালে শিশুপ্রহর শেষ হতেই মেলায় নামল পাঠকের ঢল। তীব্র গরম আর ধুলো উপেক্ষা করে পাঠকের দল ছুটে বেড়াল প্রিয় বইয়ের খোঁজে।
নবদম্পতি শ্যামল ও মিলি এসেছেন উপন্যাসের খোঁজে, সোহেল ও রুনু এসেছেন ইতিহাস-ঐতিহ্যের খোঁজে। পছন্দের প্রবন্ধ ও তুলনামূলক সাহিত্য খুঁজে গেলেন তরুণ সাজিদ আরাফাত। আবদুর রশিদ ও নুসরাত দম্পতি খুঁজলেন অনুবাদের বই।
মেলার মধ্যভাগে এসে এই পাঠকের দল জানালেন, প্রিয় লেখকের বই মধ্যভাগেই আসবে জেনে এত পরে মেলায় এসেছেন তারা।
দুই বোন লুবাইবা ও নুজহাত কিনে নিয়ে গেলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, জাফর ইকবাল আর হুমায়ূন আহমেদের শিশুতোষ উপন্যাস, গল্প। খুদে পাঠক জান্নাতুল ফেরদৌস লিয়ার বায়না ছিল আঁকাবুকির বই; বাবা কিনে দিতেই বই হাতে ছুটে বেড়াল শিশুচত্বরের সিসিমপুর মঞ্চে।
পাঠক মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঠকের ভিড় যত বাড়ছে, পাল্লা দিয়ে মেলায় নতুন বইয়ের সংখ্যাও বাড়ছে। প্রতিদিন নতুন বইয়ের খোঁজ করি। তারপর বেছে নিই ভালোলাগার বইগুলো।”
অনুবাদপ্রিয় তরুণদের পছন্দের স্টল সেবা প্রকাশনী। পছন্দের সব সিরিজ কিনে নিতে সেবাই তাদের ‘একমাত্র ভরসা’।
তাদের একজন শাহরিয়ার হোসেন বলেন, “সেবা প্রকাশনীর অনুবাদ পড়ে আমার বই পড়ার শুরু। সেবাই অনুবাদের ক্ষেত্রে আমার পছন্দ আর একমাত্র ভরসা।”
শিশুকিশোরদের জন্য আয়োজন
অমর একুশে উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশুকিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকউল্লাহ খান, শিশুসাহিত্যিক সুজন বড়–য়া এবং বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন।
উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আকিবা আফরোজ রাকা, যুগ্মভাবে দ্বিতীয় সুমাইয়া সাবিকুন্নাহার ও তারানা তাবাসসুম মিম এবং তৃতীয় হয়েছেন নামিরা রহমান অন্তরা। সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মারজান শাওয়াল রিজওয়ান, যুগ্মভাবে দ্বিতীয় রাইসা চৌধুরী ও নাবিলা হক বিস্মি এবং তৃতীয় হয়েছেন সায়েদা করিম মেশা।
মেলায় এমাজউদ্দীন আহমদ
এদিন মেলায় এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। এবারের মেলায় প্রকাশিত তার দুটি বই ‘গণতন্ত্রের শত্রুমিত্র’, ‘গণতন্ত্র এখন’- এর প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সেল একাডেমির স্টলে বেশ কিছু সময় কাটান তিনি।
তিনি বলেন, “মেলায় আসলে নতুন উদ্দীপনা খুঁজে পাই। পরিধি বৃদ্ধি ও নান্দনিকতার কারণে এবারের মেলা খুবই ভালো লাগছে।”
নিজের বই দুটি প্রসঙ্গে তিনি বলেন, “সবার মাঝে গণতান্ত্রিক মনোভাব তৈরি করতে হবে। সামন্তবাদী চেতনার পরিবর্তন ঘটাতে হবে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।”
নতুন বই
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্যমতে, শনিবার মেলার ১৮তম দিনে ১৫৬টি নতুন বই এসেছে।
এর মধ্যে অন্যপ্রকাশ থেকে হাসান আজিজুল হকের ‘ছোবল’, চারুলিপি থেকে সৈয়দ শামসুল হকের ‘কিশোর সমগ্র-২’, তাম্রলিপি থেকে ৬৪টি জেলার ‘মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস’, কালি কলম প্রকাশনা থেকে আহসান হাবীবের ‘নির্বাচিত রম্য গল্প’, অনিন্দ্য প্রকাশ থেকে আহমদ রফিকের ‘এ কোন বাংলাদেশি সমাজ’, পারিজাত প্রকাশনী থেকে মোনায়েম সরকারের ‘বাংলা ভাষার রক্তরঞ্জিত ইতিহাস’, বলাকা প্রকাশন থেকে শরীফা বুলবুলের ‘বীরাঙ্গনা নয় মুক্তিযোদ্ধা’, নওরোজ কিতাবিস্তান থেকে তাইসির রেজার নাটকের বই ‘লাল পদ্ম’, যৌথ কবিতার বই ‘খেয়ালী মনের কাব্য’ ইত্যাদি রয়েছে। এদিন ৬১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
প্রকাশনা সংস্থা পুঁথিনিলয় প্রকাশ করেছে সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বই ‘আমার কথা’। ১৮৮ পৃষ্ঠার এই বইটির মূল্য ১৮০০ টাকা। বইটির প্রচ্ছদ একেঁছেন সুমন বৈদ্য।
‘কবিতা আত্ম-অনুভূতির ব্যঞ্জনাগর্ভ স্বরগ্রাম’
বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় নব্বইয়ের দশকের কবিতা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন কবি মোস্তাক আহমাদ দীন। আলোচনায় অংশ নেন ড. শহীদ ইকবাল এবং ড. এ এম মাসুদুজ্জামান। সভাপতিত্ব করেন কবি সাজ্জাদ শরিফ।
মোস্তাক আহমাদ দীন বলেন, “বিষয়-বৈচিত্র্য নিয়েই নব্বইয়ের দশকের কবিতা, নব্বইয়ের বিভিন্ন কবির কণ্ঠে সত্তরের মতো যৌথ শব্দস্রোতে সম্মিলিত চরণসজ্জায় কিংবা আশির দশকের মতো মিথের ব্যবহারে কেবল কালের কথা উঠে আসে না; কবিতা এখন হয়ে ওঠে আত্ম-অনুভূতি ও সত্তা-উপলব্ধির ব্যঞ্জনাগর্ভ স্বরগ্রাম।”
তার মতে, নব্বইয়ের দশকের পর আরও দেড় দশক অতিক্রান্ত, দশকের অনেক কবি এখনও ‘সক্রিয়’, শুরুর দিকে বিচ্ছিন্নতা ও অস্থিরতা কাটিয়ে তারা এখন ‘স্থিতধী ও পরিণত’।
দারুণ আশাবাদী এই কবি বলেন, “তাদের নতুন কবিতা এখন আরও বেশি পাঠকদের আকৃষ্ট করে চলছে।”
আলোচকরা বলেন, বিগত চার দশকের অভিজ্ঞতা সঞ্চিত নব্বই দশকের কবিদের মনন, মেধা ও চিন্তায় বহু স্বরের সম্মিলন ঘটেছে। কবির মনের অন্তর্গত ভাব, ইঙ্গিতময়তা ও প্রতীকের মাধ্যমে প্রকাশের প্রবণতা দেখা যায় এ সময়ের কবিতায়। ফলে বস্তুর চাইতে তার প্রতিভাস বা চেতনাকে ধারণ করার চেষ্টাই বেশি দেখা যায়।
বিষয়বস্তুর গভীরতর স্তরে পৌঁছানোর জন্য অনেক কবিই বাস্তবজগৎ থেকে সরে গিয়ে পরাবাস্তব জগতে প্রবেশ করেছেন এবং কবিতাকে অবচেতনলোকের দিকে ঘুরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন তারা।
